ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৯, ১ মার্চ ২০১৯  

আতিকুল ছবি: সংগৃহীত

আতিকুল ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। 

এক হাজার ২৯৫টির মধ্যে সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল পেয়েছেন আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ভোটের এ ফল জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

ডিএনসিসি নির্বাচনে অপর তিন মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট।
 
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ২৯৫টি।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ সিটিতে ভোট নেয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যান। এতে পদটি শূন্য হয়ে যায়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মেয়র পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। কিন্তু, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ জটিলতার কারণে উত্তর ও দক্ষিণের দুজন সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে রিট করায় নির্বাচন পিছিয়ে যায়। 

এ রিট জটিলতার সমাধান হওয়ায় উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হওয়ায় সেখানে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজওয়ান২৪/আ.রাফি

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত