ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ৩০ অক্টোবর ২০২৬  

ছবি: অন্তর্জাল

ছবি: অন্তর্জাল


বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ শুক্রবার দুপুর ১২টায় কেন্দ্রটির প্রথম ইউনিটে দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের পরপরই ধাপে ধাপে এবং অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত কোন প্রেস নোট দেয়নি।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য কাঙ্ক্ষিত ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন শুরুর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটির ‘বি-ওয়ান’ (B1) ধাপের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতাও কাটিয়ে ওঠার পর রিঅ্যাক্টরটিকে পরবর্তী ‘বি-টু’ (B2) ধাপে নিয়ে যাওয়া হয়। এই ধাপে পারমাণবিক চুল্লিতে ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করা হয়—যেখানে নিয়ন্ত্রণ সাপেক্ষে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর ধারাবাহিক বিভাজন শুরু হয়।

প্রকল্প সূত্র জানায়, পরমাণুর ধারাবাহিক বিভাজনের মাধ্যমে চুল্লিতে এখন স্থায়ী ও নিরাপদভাবে তাপ ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। পরীক্ষামূলক এই উৎপাদন প্রক্রিয়া সফলভাবে ৩০০ মেগাওয়াট স্পর্শ করলেই বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে (জাতীয় গ্রিড) বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম (Rosatom) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ইউনিটের কাজের এই অগ্রগতির কথা জানিয়েছিল।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত