ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বিএনপির ভিশন ২০৩০ জাতির সঙ্গে তামাশা: কাদের

তাজা খবর ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ১১ মে ২০১৭   আপডেট: ০১:১৩, ১৭ মে ২০১৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার ভিশন ২০৩০ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাপানো রঙিন বেলুন। এই বেলুন অচিরেই চুপসে যাবে। এটি জাতির সঙ্গে একটি তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভিশন ২০৩০ এর জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ভিশন থেকে বিএনপির ভিশন চুরি করা উল্লেখ কাদের বলেন, “পরের মেধাসত্ব চুরি করা একটি নৈতিক অপরাধ। এটা এক ধরনের রাজনৈতিক অসততা। একটি রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া হলে অপর একটি রাজনৈতিক দলের দেয়া আইডিয়া এবং ভাবনা নির্লজ্জভাবে চুরি করে। বিএনপি অনুকরণ করতে পারে। কিন্তু আবিস্কার করতে পারে না।”

খালেদার ভিশন একটি মেধাহীন, অন্তঃসারশূন্য, জনবিচ্ছন্ন রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া কিছু না দাবি করে কাদের বলেন, “এ ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়া।”

তিনি আরো বলেন, “২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা বাঙালি জাতির সামনে ‘ভিশন-২০২১’ উপস্থাপন করেছিলেন। ইতোপূর্বে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কোনো ধরনের রোডম্যাপ উপস্থাপন করেনি। জনগণ নিরঙ্কুশভাবে শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন-২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশের ওপর আস্থা রেখে আওয়ামী লীগকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। বাংলাদেশের জনগণ নিরবচ্ছিন্নভাবে গত ৯ বছর ধরে প্রত্যক্ষ করেছে একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কী ‘ভিশন’ থাকা উচিত। শেখ হাসিনা শুধু কাগজে কলমে নয়, স্বপ্নে নয়, বাস্তব অর্থেই তার ভিশন-২০২১ বাস্তবায়ন করে চলছেন। যার প্রতিফলন দেশের আজকে সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে।”

“শেখ হাসিনার ভিশন-২০২১ এর কারণেই আজ বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণমাধ্যম বাংলাদেশের এ অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ আজ একটি অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবো”- উল্লেখ করেন কাদের।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন, শামসুন্নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, মারুফা আক্তার পপি, আনোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া প্রমুখ।


নিউজওয়ান২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত