ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করেছে ব্র্যাক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:১৩, ১৮ আগস্ট ২০১৬   আপডেট: ১৭:১৩, ১৮ আগস্ট ২০১৬

রাজবাড়ী সদর উপজেলায় ব্র্যাক পরিচালিত একটি স্কুলে কয়েকজন শিক্ষার্থীর নিগৃহীত হওয়ার ঘটনায় শিক্ষা কার্যক্রম পরিদর্শক ও সংস্থার কর্মসূচি সংগঠক তাহমিনা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার উপস্থিতিতেই স্কুলে এমন ঘটনা ঘটার অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার (১৬ আগস্ট) তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

ব্রাকের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে আরও তদন্ত চলছে।

অভিযোগে প্রকাশ, গত ১০ আগস্ট বানিবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শিশু নিকেতন স্কুলটি পরিদর্শনে যান কর্মসূচি সংগঠক তাহমিনা খাতুন। সেখানে কয়েকজন শিক্ষার্থী ওইদিনের ইংরেজি পড়া পারেনি। এসময় শাস্তিস্বরূপ তিনি পাশের ডোবা থেকে নোংরা পানি আনিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পান করতে বাধ্য করেন।

অভিযুক্ত তাহমিনা খাতুন ব্র্যাকের কারণ দর্শানো নোটিশের জবাবে জানান, যারা পড়া পারেনি তাদেরকে তিনি রেগে বলেছিলেনÑ তোমাদেরকে ডোবার নোংরা পানি খাওয়ানো উচিত। এরপর গণিতের ক্লাসে বোর্ডে অঙ্ক কষার সময় কয়েকজন দুষ্ট ছাত্র ক্লাস থেকে বেরিয়ে ডোবা থেকে পানি এনে একজনকে খাইয়ে দেয়। ব্যাপারটা তখন তার চোখে পড়েনি।

ব্র্যাক কর্তৃপক্ষ এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্র্যাক সবসময় শিশুদের আনন্দের মাধ্যমে শিক্ষাদানে বিশ্বাসী। এরকম অনভিপ্রেত একটি ঘটনা ঘটে যাওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ব্র্যাকের পক্ষ থেকে বৈঠকে বসা হয়। তাদেরকে বলা হয়, এটি নিছক একটি অঘটন এবং দায়িত্বে অবহেলাকারীর বিরুদ্ধে অবশ্যই সংস্থার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
ব্র্যাক আরও জানায়, বর্তমানে স্কুলটি চালু রয়েছে, শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে।

নিউজওয়ান২৪.কম/এসএল

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত