ঢাকা, ২৪ জুন, ২০২৬
সর্বশেষ:

রোহিঙ্গা শিবিরে যেসব ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ২৮ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে চার দিনের জন্য আজ ২৮ অক্টোবর শনিবার কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রী এ সময় রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিবেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন যেসব ত্রাণ বিতরণ করবেন তার মধ্যে রয়েছে চাল, বস্ত্র ও শিশুখাদ্য।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রায় দশ হাজার শিশুখাদ্যের প্যাকেট প্রস্তুত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। যা রোহিঙ্গা শিবিরে শিশুদের মধ্যে বিতরণ করা হবে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন, খালেদা জিয়া শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন এবং সেখান থেকে ৩০ অক্টোবর  সোমবার কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী শনিবার সকালে গুলশান থেকে রওনা হয়ে খালেদা জিয়া দুপুরে ফেণীর সার্কিট হাউসে যাত্রা বিরতি করবেন এবং সেখান থেকে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছাবেন। ২৯ অক্টোবর রোববার সকাল ১১ টায় তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং ৩০ অক্টোবর দুপুরে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এরপর ৩১ অক্টোবর মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন খালেদা জিয়া।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত