ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব নিরসনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ৪ অক্টোবর ২০১৮  

ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে বিদায়ী সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে বিদায়ী সাক্ষাৎ

মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে নিরসন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাতে গেলে এই মত প্রকাশ করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেখ হাসিনা বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে, বিশেষ করে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার যেকোনো ধরনের দ্বন্দ্ব বা সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসা উচিত।

রোহিঙ্গা সংকট সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তার সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের প্রত্যাবাসনের জন্য নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

তিনি উল্লেখ করেন, ভাসানচরে উন্নত জীবনধারণ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছে সরকার, যেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে।

ইরানের রাষ্ট্রদূত আব্বাস বলেন, ইরানও চায় মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরো শক্তিশালী করা হোক। যাতে তারা বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেয়।

রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে তার দেশ অর্থ সংগ্রহ করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত