ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বিজিবি মহাপরিচালক হিসেবে মে. জেনারেল আবুলের যোগদান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৫, ১৬ নভেম্বর ২০১৬  

ঢাকা: মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি আজ (বুধবার) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে যোগদান করেছেন।

তিনি সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে নবনিযুক্ত মহাপরিচালক পিলখানায় এসে পৌঁছালে বিজিবি’র ঊর্দ্ধতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ইতোপূর্বে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব পদে দায়িত্বরত ছিলেন।

১৯৬২ সালের ১৫ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা আবুল হোসেন ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট মে. জেনারেল আবুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সাইন্স, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AIBU) থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আজীবন ফেলো এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, ইউএসএ’র একজন সম্মানিত ফেলো।

বর্ণবহুল কর্মজীবনে তিনি স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মে. জেনারেল আবুল। তিনি কমান্ড পর্যায়ে ১৭ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ব্যাটালিয়ন- কুয়েত, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামের চিম্বুক-থানচি রোড কনস্ট্রাকশন প্রজেক্টের প্রজেক্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (পূর্ত) ও চিফ ইঞ্জিনিয়ার, ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ডান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, সশস্ত্র বাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মে. জেনারেল আবুল হোসেন দেশ-বিদেশে পেশাগত অনেক সামরিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেছেন। তিনি চীন হতে জুনিয়র অফিসার কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোর্স, তুরস্ক হতে ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড কোর্স, যুক্তরাজ্য হতে ইন্টারন্যাশনাল বর্ডার সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স, যুক্তরাষ্ট্র হতে অ্যাডভান্সড সিকিউরিটি কো-অপারেশন কোর্স সম্পন্ন করেন।

তিনি ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন গ্রাজুয়েট। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর থেকে ক্যাপস্টন (Capstone) কোর্স সম্পন্ন করেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের অধীনে মোজাম্বিক এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে অংশগ্রহন করেন।

বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করা এই সিনিয়র সামরিক কর্মকর্তার বই পড়া এবং গলফ খেলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তিনি দুই কন্যা সন্তানের জনক।

নিউজওয়ান২৪.কম/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত