ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

দুর্নীতির ২ মামলা: ২৪ নভেম্বর খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য

স্টাফ রিপের্টার

প্রকাশিত: ১২:২৪, ১০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৭:৫৫, ৯ ডিসেম্বর ২০১৬

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বিচারক বলেছেন, বেগম খালেদা জিয়াকে সেদিন অবশ্যই আদালতে হাজির হতে হবে।

বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতের জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য ১৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

আজ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন আর রশীদকে জেরা করেছেন খালেদার আইনজীবীরা।

বেলা ১০টা ৫০ মিনিটে এ দুই মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে হাজির হন খালেদা। হাজিরা শেষে বাসার পথে রওয়ানা করেন তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন— খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় খালেদা-তারেক ছাড়া অন্য আসামিরা হলেন— মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

দুই মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
প্রসঙ্গত, তারেক রহমান ২০০৮ সালে আদালতের মাধ্যমে জামিন নিয়ে দেশ ছাড়েন। এরপর আর দেশে ফেরেননি তিনি। তার বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ আরও কয়েক ডজন মামলা রয়েছে দেশের বিভিন্ন আদালতে।

নিউজওয়ান২৪.কম/আরকে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত