ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

চীনে তৈরি সাবমেরিন বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ আসছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৬, ১৪ নভেম্বর ২০১৬   আপডেট: ১৪:১৬, ১৬ নভেম্বর ২০১৬

চীন তাদের তৈরি দুটি কনভেনশনাল সাবমেরিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। ০৩৫জি মিং ক্লাসের সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন সজ্জিত।

নৌবাহিনীতে সাবমেরিন সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন অপারেটরদের অভিজাত ক্লাবে প্রথম পদক্ষেপ রাখতে যাচ্ছে।

চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে সোমবার বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে ডুবোজাহাজ দুটি হস্তান্তর করেন চীনা রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু।

দেশে নিয়ে আসার পর এদুটি ‍ডুবোজাহাজের নাম হবে যথাক্রমে বানৌজা ‘নবযাত্রা’ ও বানৌজা ‘জয়যাত্রা’। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে অ্যাডমিরাল নিজামউদ্দিন বলেন, সাবমেরিন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক নৌশক্তি হিসাবে যাত্রা শুরু করল।

সাবমেরিন পরিচালনায় সক্ষম করে তুলতে বাংলাদেশ নৌবাহিনীর ক্রুদের প্রশিক্ষণ দেওয়ায় চীনা নৌবাহিনীর প্রশংসা করেন নৌপ্রধান।

এদিকে, আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৭৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের ডিজেল-ইলেকট্রিক প্রযুক্তির সাবমেরিন দুটি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত আগামী বছরের শুরুতে।

‘সাবমেরিনগুলো টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবমেরিন দুটি বাংলাদেশে আনতে ইতোমধ্যে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের যৌথ তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ ও ‘সি ট্রায়াল’সফলভাবে শেষ হয়েছে।

সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে নিজামউদ্দিন বলেন, চীন থেকে দুটি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসাবে যাত্রা শুরু করল।

সাবমেরিন দুটি নতুন করে সজ্জিতকরণ ও ক্রুদের প্রশিক্ষণ দেওয়ায় চীন নৌবাহিনীর প্রশংসাও করেন নৌপ্রধান।

চীন থেকে সাবমেরিন দুটি কিনতে ২০১৩ সালের নভেম্বরে ২০৩.৩ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয় ঢাকা ও বেইজিংয়ের মধ্যে।

প্রতিবেশি ভারত ও মিয়ানমারে সঙ্গে থাকা বাংলাদেশের সমুদ্র সীমার নিরাপত্তা ও প্রতিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিনের অন্তর্ভুক্তি নয়া মাত্রা যোগ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নিউজওয়ান২৪.কম/এসএ

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত