ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ:

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৯ নভেম্বর ২০২৬  

ছবি: অন্তর্জাল

ছবি: অন্তর্জাল


জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌ক নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এ ছাড়া, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএন‌ডি‌পির প্রশাসকের সঙ্গেও বৈঠ‌ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান ব‌লেন, বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা নির্দিষ্টভাবে পরবর্তী সময়ে জানানো যেতে পারে।

তুর্কি কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং‌য়ে সহ‌যো‌গিতা নিয়ে এক প্রশ্নের জবা‌বে সালাহউদ্দিন নোমান ব‌লেন, এটি দ্বিপাক্ষিক সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র স‌চিব ব‌লেন, উন্নত দেশগুলো পূর্বেও বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করবে। সেই সহযোগিতার জন্য যৌথ প্রচেষ্টা এবং ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ জোরালোভাবে তার বক্তব্য তুলে ধরেছে।

এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর)  সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গীদের নিয়ে প্রথমে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে ট্রানজিট শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ায় যাবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত