ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

কক্সবাজারে কপ্টার বিধ্বস্ত: নিহত ১, বেঁচে গেলেন ক্রিকেটার সাকিব

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৬:০৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কিছু সময় আগেই সাকিব আল হাসান ছিলেন উড়ন্ত বাহনটিতে। এরপর তাকে নামিয়ে হেলকিপ্টারটি ফিরছিল ঢাকায়। পর্যটন জেলা কক্সবাজারের উখিয়ায় শুক্রবার সকালে বিধ্বস্ত হয় বেসরকারি কোম্পানির যাত্রীবাহী হেলিকপ্টারটি। তবে সময়ের যোগবিয়োগে সাকিব বেঁচে গেলেও বিধ্বস্ত হেলিকপ্টারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ৪জন।

নিহত ব্যক্তির নাম শাহ আলম (৩৫), তিনি একটি বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের ওই কপ্টারটি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানি সৈকতে নামিয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় বিধ্বস্ত হয় কপ্টারটি। ফেরার সময়ে পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন তাতে।

আহতদের উদ্ধর করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগে কর্তব‌্যরত চিকিৎসক রফিকুল হাসান। 

আহতদের কক্সবাজার বিমানঘাঁটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় কারণ জানা যায়নি। জানা যায়নি আহতদের পরিচয়ও।

নিউজওয়ান২৪.কম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত