ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

এবার কেঁপে উঠলো ইকুয়েডর, নিহত ২৮

বিলাতি নিউজ

প্রকাশিত: ১০:২৮, ১৭ এপ্রিল ২০১৬   আপডেট: ০১:১৩, ২ মে ২০১৬

দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৮ জন নিহতের খবর পাওয়া গেছে।

দেশটির রাজধানী কিটো থেকে টেলিগ্রাম.কম জানায়, দেশটির মধ্যবর্তী উপকূল অঞ্চলে শনিবারের ওই ভূমিকম্পে অনেক বাড়িঘর-শপিংমল বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের সময় সুউচ্চভবনগুলো মারাত্মকভাবে দুলে ওঠে। এসব ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। ন্যাশনাল গার্ড উদ্ধার কাজ শুরু করেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ইকুয়েডরে আঘাত করা গত কয়েক দশকের যে কোনো ভূমিকম্পের চেয়ে এটা ছিল প্রলয়ংকরী। এর কেন্দ্র ছিল উপকূলের জনবিরল মৎস বন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুইসনে থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূবে ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস জানান, প্রাথমিকভাবে মান্তা, পোর্তোভিয়েজো, গুয়াইয়াকুইল শহরে ২৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে গুয়াইয়াকুইলে একটি ভারপাস ধসে পড়ে এর নিচে থাকা একটি গাড়িকে চাপা দেয়। এতে গাড়ির চালক মারা যায়।

ভূমিকম্পের সময়ে ইউরোপের ভ্যাটিকানে পোপের ডাকা এক সম্মেলনে ছিলেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কররিয়া। তিনি দেশবাসীকে শক্তভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, আশপাশের কয়েকটি উপকূলে সুনামিজনিত প্রলয়ংকরী জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। ভাইস প্রেসিডেন্ট গ্লাস উপকূলবাসী জনগণকে কাছাকাছি উচুঁস্থান ও ভবনে সরে যাওয়ার অনুরোধ করেছেন। অধিক ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ইকুয়েডর নিজে কোনো সুনামি সতর্কতা জারি না করলেও প্রতিবেশী দেশ পেরু ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্কতা জারি করেছে।

প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার ও বাংলাদেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। এরমধ্যে গত কয়েকদিনে জাপানে ধারাবাহিকভাবে ভূমিকম্পে প্রায় অর্ধশত ব্যক্তি নিহত ও আহত হয় হাজার খানেক। সবশেষ শনিবার ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি পরিস্থিতির সৃষ্টি হল। মোট কথা বিশ্বের অনেকগুলো অঞ্চলে পরপর এতগুলো ভূমিকম্পের ফলে এক ধরনের অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকের মাঝে।

নিউজওয়ান২৪.কম/এসএল

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত