ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

উদ্বেগ নেই, তবে সতর্কতা আছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমাদের মধ্যে কোনো উদ্বেগ নেই, তবে সতর্কতা আছে। বিএনপি সমাবেশ ডেকেছে, এখন আমাদের পাল্টা কোন কর্মসূচি নেই। সারাদেশে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবে এটাই আমাদের নির্দেশ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সভাটা কবে হবে, এটা তো এখনও ঠিক হয়নি। বিএনপি জোর করে ২৯ তারিখে করবে? কেন এই জেদাজেদি? অনুমোদন ছাড়া আপনি সভা করবেন, এত লাফালাফি কেন? ১০ বছরের ১০ মিনিটও রাস্তায় নামতে পারেন নাই। এখন আপনি হঠাৎ করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করে ব্যর্থতা ঢাকার জন্য লাফালাফি করছেন। এত লাফালাফির পরিণাম শুভ হবে না। হুমকি-ধমকি দিয়ে আন্দোলন করবেন, আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, তা হবে না?

মন্ত্রী আরো বলেন, দেশের মানুষ খুশি, নির্বাচন হবে। পরিবেশটা শান্তিপূর্ণ থাকবে এটাই আমরা চাই। আমরা নির্বাচনের জন্য সুশৃঙ্খলভাবে সংগঠিত হচ্ছি। দেশের অর্ধেক অংশে আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময়ে কেন আমরা সংঘাত করবো, আমরা তো ক্ষমতায় আছি।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো কথা নেই। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে, ভাঙচুর বা আগুন সন্ত্রাস করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

নিউজওয়ান২৪/এএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত