ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

আবার ক্ষমতায় এলে ঘরে ঘরে গ্যাস যাবে: কাদের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২২:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। আগামীবার আবার ক্ষমতায় এলে প্রতিটি ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে।


মঙ্গলবার দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নতুন বাজার হাই স্কুল মাঠে প্রথম নির্বাচনী জনসভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার মন আকাশের মতো বিশাল। তিনি আমাকে আওয়ামী লীগের মতো বড় দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। বড় মন্ত্রী হয়েছি; এটা বড় কথা নয়। আওয়ামী লীগ সৃষ্টির পর থকে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ নির্বাচিত হয়নি। আপনাদের দোয়ায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এ সম্মান আমার এলাকার জনগণের। উত্তর বঙ্গে ট্রেনে গেছি লাখ লাখ লোক, সড়ক পথে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে আমার সভায় লাখ লাখ জনতার ঢল নামে।

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শফি উল্যাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাব উদ্দীন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বাংলাদেশ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল প্রমুখ।

মন্ত্রী বলেন, আমাদের নেত্রী বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃকালীন ছুটি দিয়েছেন। আমি এ এলাকার জনগণের স্বার্থে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন এবং কয়েকশ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে দিয়েছি। আর একবার ক্ষমতায় আসতে পারলে এ এলাকার রাস্তাগুলো ফোর লেন করা হবে।

তিনি ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে বলেন, মওদুদ সাহেব এলাকায় কিছুই করতে পারেননি। বরং তিনি ডাক বাংলোতে বলেছেন, ভাত ছিটালে কাকের অভাব নেই। আমাকে ভোট না দিলে রাস্তার ইট উঠিয়ে নিব। মওদুদ সাহেব একজন মৃত ব্যক্তির বাড়ি ৪০ বছর দখল করে রেখেছেন। কিন্তু রাখতে পারেননি। মওদুদ সাহেব কয়দিন পর পর বাড়িতে এসে বিএনপির নেতাকর্মীদের সমস্যায় ফেলেন। কারণ নেতাকর্মীর নামে মামলা আছে পুলিশ তাদের গ্রেফতার করে। তিনি বাড়িতে বসে অবরুদ্ধের নাটক করেন।

‘মওদুদ সাহেব বলেন, একমাস পর আন্দোলন। বিগত বিএনপি সরকারের আমলে আমার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা ৫ বছর এলাকায় থাকতে পারেননি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। মা-বাবার মৃত্যুর খবর শুনেও ছেলেরা জানা যায় অংশগ্রহণ করতে পারেনি।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা বলেছেন, রোজার ঈদের পর আন্দোলন। আবার বলেছে, কোরবানী ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে দশ বছর, মানুষ বাঁচে কত বছর? বিএনপির আন্দোলন কারাগারে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে।

তিনি আরো বলেন, মওদুদ সাহেবসহ অনেকে মন্ত্রী ছিলেন। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর ৫শ’নেতাকর্মী নিয়ে নেতারা রাস্তায় বের হতে পারেনি। বাসায় এয়ারকন্ডিশন রুমে বসে হিন্দি সিরিয়াল দেখেন। বিএনপি নালিশ পার্টি, বিএনপি একটি ভুয়া দল। তারা জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে দেখা করেছেন বলে মিথ্যা কথা বলে জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

এর অগে তিনি কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভা ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কোম্পানীগঞ্জ উপজেলার মিলনায়তনে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন ও আর এমপির প্রকল্পের অধীনে ৭০ জন দুস্থ মহিলাদের মধ্যে ৬০লাখ টাকার চেক বিতরণ করেন।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত