ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

আদালতে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ৫ অক্টোবর ২০১৮  

ছবি: নিউজওয়ান২৪

ছবি: নিউজওয়ান২৪

মীরসরাইয়ে নিহত জঙ্গিদের আদালতে হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ। জঙ্গি আস্তানাটিতে অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রায় আট ঘণ্টার অভিযান চালানো হয় জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের একতলা টিনশেড বাড়িতে। সেখানে একটি একে ২২ রাইফেল, পাঁচটি গ্রেনেড, তিনটি পিস্তল, গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মীরসরাইয়ে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মিল রয়েছে। 

‘চৌধুরী ম্যানশন’ নামে ওই বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অভিযান শেষে তাৎক্ষনিক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ওই বাড়িতে অবস্থান নিয়ে নব্য জেএমবির জঙ্গিরা চট্টগ্রাম আদালত ভবনে নাশকতার প্রস্তুতি নিচ্ছে, খবর পেয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে গোলাগুলির কারণে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়। সকালের দিকে বন্ধ হয় গোলাগুলি। পরে নিয়ন্ত্রিতভাবে ফের যানবাহন চলাচল শুরু হয়।

সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে বাড়ির ভেতরে ও বাইরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। 

বাড়ির তত্ত্বাবধায়কের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি জানান, ২৮ সেপ্টেম্বর বাড়িটি ভাড়া নেয় একজন পুরুষ ও একজন নারী। দু–একদিন পর ওই নারী চলে যান। পরে সেখানে চারজন পুরুষ বসবাস শুরু করেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, জঙ্গিরা অবস্থান করছে —এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালানো হয়। এর পর র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। বাড়ির ভেতর থেকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে একতলা টিনশেডের বাড়ির চাল উড়ে যায়।

র‍্যাব জানায়, গ্রেফতার অন্য জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি জঙ্গিদের আস্তানা বলে জানা যায়। বাড়িটি ঘেরাও করার পর র‍্যাব মাইকে ‘জঙ্গি’দের আত্মসমর্পণের অনুরোধ জানায়। তারা আত্মসমর্পণ না করে র‍্যাবের দিকে গুলি ছোড়ে। তখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘটনার পর ভেতর থেকে দুইজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে র‌্যাব।

নিউজওয়ান২৪/এএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত