ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্ত সিল করার ঘোষণা হবু মুখ্যমন্ত্রীর

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১৯ মে ২০১৬   আপডেট: ২১:০০, ৪ জুন ২০১৬

সর্বানন্দ সনোয়াল      ফাইল ফটো

সর্বানন্দ সনোয়াল ফাইল ফটো

নির্বাচনে জয়ী হতে না হতেই ভারতের আসামে বিজেপির হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ঘোষণা দিলেন, অনুপ্রবেশ রোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তথাকথিত অনুপ্রবেশ সমস্যাকে তিনি ‘বড় চ্যালেঞ্জ’ এবং ‘জাতীয় সমস্যা’ বলে উল্লেখ করেন।

আসামে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা কংগ্রেসকে পরাজিত করে বিজেপি এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। সদ্যা প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, রাজ্যে ১২৬ আসনের মধ্যে বিজেপি ৮৭, কংগ্রেস ২৪, এআইইউডিএফ ১৩ ও অন্যান্যরা ২টি আসনে জয়ী অথবা এগিয়ে আছে।

আসামের জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ঐতিহাসিক’ এবং ‘দৃষ্টান্তমূলক’ বলে অভিহিত করেছেন। জয়ের সংবাদে সর্বানন্দকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। এছাড়া তিনি তার দৈনন্দিন অভ্যাস মতো টুইটার বার্তায় লিখেন, আসামবাসীর স্বপ্ন-আকাঙ্ক্ষা পূরণে, প্রগতির পথে রাজ্যের উন্নয়নের যাত্রাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে যা যা সম্ভব, সবই করবে বিজেপি।

আসামে নির্বাচনে বিজেপি বিজয়ী জহলে সর্বানন্দ সনোয়ালকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হবে- এটা আগে থেকেই নির্ধারিত ছিল। নির্বাচনী প্রচারণায় তার এবং দলের অন্য প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ এবং দলের অন্য সিনিয়র নেতারা ভোট প্রার্থনা করেছিলেন।

এদিকে, বিজয়ের সংবাদে সর্বানন্দ সনোয়াল বৃহস্পতিবার বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে, সত্যিকারের ভারতীয় নাগরিক, তা সে হিন্দু বা মুসলিম যেই হোক, রাজ্যের বৈধ বাসিন্দাদের স্বার্থ রক্ষা করা। অসমীয়া, বিহারি, মারওয়াড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সবাইকে নিয়ে বৃহত্তর অসমীয়া সমাজকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন সর্বানন্দ।

অপরদিকে বিজেপি সভাপতি অমিত শাহ কংগ্রেস শাসিত আসামে জয় এবং অন্যত্র বিজেপির ভোটের হার বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বিষয়টির উল্লেখ করে তিনি বলেন, এই জয় কংগ্রেস মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দুই কদম এগিয়ে নিয়েছে দেশকে।

প্রসঙ্গত, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশিদের তথাকথিত অনুপ্রবেশ ইস্যু সেখানকার একটি বহুল চর্চিত বিষয়। এবারের নির্বাচনী প্রচারণায় বিজেপি ও তার মিত্র দলগুলো অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে জনগণের কাছে ওয়াদা করেছিল। এনবিটি, পার্সটুডে

নিউজওয়ান২৪.কম/টিএন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত