ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

স্বরাষ্ট্রমন্ত্রীকে নেপিদো বিমানবন্দরে অভ্যর্থনা

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২৪ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সোমবার বিকালে মিয়ানমারে পৌছেছেন। বিকাল সাড়ে পাচটায় নেপিদো বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মেজর জেনারেল অং সয়ি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ পূর্বনির্ধারিত বিষয়ে আজ মঙ্গলবার বিকালে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে গতকাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে মঙ্গলবার সকালে সচিব পর্যায়ের বৈঠক হবে। বিকালে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেবে বাংলাদেশ।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তপথে অনুপ্রবেশ, মানবপাচার ও মাদকপাচার রোধে সীমান্তে লিয়াজো অফিস স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, সীমান্তে প্রাচীর তৈরি নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা ও দুই দেশের সীমান্ত নিরাপত্তা বিষয়ে যোগাযোগ ও সংলাপ আয়োজন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে দুই দেশ।
 
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ছাড়াও বিজিবি প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, পুলিশ প্রধান, কোস্টগার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১২ সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত