ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে অংশ নেয়ার জন্য বর্তমানে নিউইয়র্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার সেখানে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীরা গ্রান্ড হায়াত হোটেল স্যুটে বঙ্গবন্ধু কন্যাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ডা. দীপু মনি, এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও জন্মদিনের কেক উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য সপ্তাহব্যাপী সরকারি সফরে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক আসেন প্রধানমন্ত্রী। তিনি স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যায় নিউইয়র্ক ত্যাগ করবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর সকালে ঢাকায় পৌঁছাবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার ঘর আলো করে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন পাঁচ সন্তানের মধ্যে সবার বড় শেখ হাসিনা।

নিউজওয়ান২৪/টিআর

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত