ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

জাকির নায়েককে গ্রেফতারে প্রস্তুত পুলিশ, প্রেস কনফারেন্স বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৫, ১১ জুলাই ২০১৬  

ঢাকা: পিস টিভির উদ্যোক্তা জাকির নায়েকের দেশে ফেরা নিয়ে উত্তেজনা আর অতি সতর্কভাব দেখা দিয়েছে ভারতের মুম্বাইতে। বিরাজমান পরিস্থিতির আলোকে তার পূর্ব নির্ধারিত প্রেস কনফারেন্স বাতিল করে দেয়া হয়েছে। দেশের ফিরলেই তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ খবর (এই রিপোর্ট লেখা) পর্যন্ত তিনি দুবাই থেকে এখনও দেশে ফেরেননি। যদিও এই সময়ের মধ্যে তার দেশে ফেরা এবং সেখানে সাংবাদিকদের কাছে তার অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি আগে থেকেই ঠিক করা ছিল।

বাংলাদেশের কূটনৈতিক জোন গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা ও হত্যাযজ্ঞ চালানো জঙ্গিদের দুজন জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত- এমন তথ্যের ভিত্তিতে তাকে বিশেষ করে তার পিস টিভি নিষিদ্ধের দাবি তোলে বাংলাদেশের কোনো কোনো মহল। তার নিজদেশ ভারতেও তাকে নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। আইএসে যোগদানের চেষ্টায় দেশত্যাগকারী অন্তত চার তরুণ তার দ্বারা জঙ্গিবাদে উৎসাহী হয়েছে বলে অভিযোগ ওঠে।

এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ তার গড়া এনজিও, এনজিওর ফান্ড, পিস টিভি, তারা বিভিন্ন লেকচার ও অন্যান্য বিষয়ে যাচাই করে দেখতে নয়টি তদন্ত কমিটি গঠন করে। এমন পরিস্থিতিতে সৌদি আরব সফররত জাকির নায়েকের পক্ষ থেকে জানানো হয়- তিনি ১১ জুলাই দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অবস্থান ব্যাখ্যা করবেন এবং অভিযোগের জবাব দেন।

এছাড়া তিনি জানান যে তার ‍বিরুদ্ধে অভিযোগ সব ভিত্তিহীন। তিনি তাকে নিয়ে বাংলাদেশের ডেইলি স্টার পরিবেশিত সংবাদ অপ্রমাণিত বলে দাবি করেন। একই সঙ্গে তিনি ভারতীয় ও বিশ্ব মিডিয়ার সমালোচনা করেন ওই সংবাদ যাচাই না করেই পরিবেশনের জন্য।

এদিকে, গতকাল (রবিবার) বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশে পিসটিভির সম্প্রচার বন্ধে সিদ্ধান্ত নেয় যা আজ (সোমবার) প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়।

জাকির নায়েকের বিরুদ্ধে সৌদি আরব ভিত্তিক ওহাবি মতবাদ প্রচারের অভিযোগ আনা হয়। সৌদি আরবের শাসকরা তার অন্যতম পৃষ্ঠপোষক বলে অনেকেই মনে করেন। বাংলাদেশের মুসলমানদের সিংহভাগ আহলে সুন্নাত ওয়াল জামায়াত তথা হানাফি মাজহাবের অনুসারী। সে সূত্রে জাকির নায়েকের বক্তব্য, নসিহত অনেক ক্ষেত্রেই এখানকার সঙ্গে সাংঘর্ষিক। তবে এতসব বাস্তবতা সত্ত্বেও তুলনামূলক ধর্মতত্ত্বে পণ্ডিত, কুশলী তার্কিক এবং অসাধারণ স্মরণশক্তির অধিকারী জাকির নায়েকের বিশাল ভক্ত শ্রেণি গড়ে উঠেছে বাংলাদশে। বিষয়টি সরকারও অবগত।

কিন্তু সবদিক বিবেচনায়, শেষতক সরকার পিস টিভি বন্ধের সিদ্ধান্তে উপনীত হয়।

এদিকে, হিন্দি পত্রিকা নবভারত টাইমস অনলাইন সোমবার জানিয়েছে, জাকির নায়েক দেশে ফেরামাত্র মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। এমন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার মুম্বাইতে তার পূর্ব নির্ধারিত প্রেস কনফারেন্স বাতিল করা হয়েছে।
নিউজওয়ান২৪.কম/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত