ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

উত্তরায় শপিংমলে লিফট দুর্ঘটনা: প্রাণ গেল ৭ জনের, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯:৩২, ২৫ জুন ২০১৬   আপডেট: ০১:০৮, ১ জুলাই ২০১৬

ঢাকা: শুক্রবার উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট দুর্ঘটনায় সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থলে লাগা আগুনে কমবেশি আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।

শুক্রবার নিহত ছয়জনের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। এদের মধ্যে নাম জানা গেছে রেজাউল করিম রানা (৩২) ও সালমা আক্তারের (৪০)। এছাড়া আহতদের মধ্যে শাপলা (২৭) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। মাথায় আঘাত পাওয়া ওই নারী উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছেন। এদিকে, শনিবার ভোর ৫টার দিকে মারা যান আহত মাহমুদ (৩৬)। তিনি ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। একই ইউনিটে তার দুই শিশুসন্তান চিকিৎসাধীন আছে।

১৬ তলা ওই ভবনের লিফটের ক্যাবল ছিড়ে পড়লে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ আলী আহম্মেদ খান।

দুর্ঘটনার পর পর ছড়িয়ে পড়া আগুনে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। 

ইফতারের সময় এ দুর্ঘটনা ও ভয়াবহ আগুনের ঘটনায় রাজলক্ষ্মী কমপ্লেক্সসহ পুরো ৩ নম্বর সেক্টর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিস্ফোরণ, তারপর আগুন এবং তারপর হঠাৎ ওপর থেকে নিচে বেজমেন্টে থাকা নামাজের স্থানে পড়ে একটি লিফট। এতে নামাজের ঘরের দেয়াল ভেঙে গেলে ভেতরে থাকা লোকজন হতাহত হয়।

এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে লিফট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। এসময় ওই ভবনে থাকা মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয় পড়ে।

এ ঘটনায় দমকলকর্মী রিয়াজউদ্দিনও আহত হয়েছেন।

১৩টি ইউনিটের দমকলকর্মীদের ঘণ্টা দেড়েক প্রচেষ্টার পর রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ উত্তরা এলাকার বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকেই উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্প সূত্র জানায়, উত্তরার দুর্ঘটনার আগুনে শরীরের বিভিন্ন অংশ ঝলসে আহত চার জনকে ওই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, মাহমুদুল হাসান (৩৬), তার দুই সন্তান মাইসা (১০) ও মোস্তাকিম (৮ মাস)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, মাহমুদুলে হাসানের শরীরের ৮০ শতাংশ, মাইসার ৫৫ এবং মোস্তাকিমের ২৩ শতাংশ পুড়ে গেছে। উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা মাহমুদুল আলাউদ্দিন টাওয়ারের বেজমেন্টে থাকা ট্রপিক্যাল হোমস লিমিটেডের কর্মকর্তা। তিতি দুই সন্তানকে নিয়ে ভবনের ইফতার পার্টিতে এসেছিলেন।

বিস্ফোরণ!
উত্তরা-পূর্ব থানা পরিদর্শক (তদন্ত) কাজী শাহান জানান, ইফতারের আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের বেইজমেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে জানা গেছে, ওই টাওয়ারের একটি ক্যাপসুল লিফটে বিকট বিস্ফোরণ ঘটে সেটি ছিঁড়ে নিচে পড়ে আগুন ধরে যায়। ওই সময় পাশের আরেকটি লিফটও ছিঁড়ে পড়ে। এতে কয়েকজন দগ্ধ ও বেশ কয়েকজন আহত হয়। লিফট বিস্ফোরণে ভবনের বেশ কিছু বড় বড় গ্লাস শিট ভেঙে নিচে পড়লে বেশ কয়েকজনকে গুরুতর আহত হন।

তবে লিফটে ঘটা বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নিউজওয়ান২৪.কম/এসএল

 

 

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত