ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

তাভেল্লা হত্যা: বিএনপি নেতা কাইয়ুমসসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:০৩, ২৫ অক্টোবর ২০১৬  

সিজার তাভেলা               -ফাইল ফটো

সিজার তাভেলা -ফাইল ফটো

ঢাকা: সিজার তাভেলা (চেজারে তাভেল্লা) হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা দেশ-বিদেশ তোলপাড় করা এই মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে দিয়েছেন।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, এ মামলায় সাত আসামির মধ্যে পাঁচজন কারাগারে আছেন। বাকি দুজন পলাতক।

তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমার মক্কেল এই ঘটনায় জড়িত না হলেও তাকে আসামি করা হয়েছে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়।

হত‌্যাকাণ্ডের প্রায় এক মাস পর ২৬ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মধ‌্যে ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।

চলতি বছরের ২৮ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী হাকিম আদালতে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

গ্রেপ্তার পাঁচজন ছাড়া বাকি দুই আসামি হলেন- বিএনপি নেতা কাইয়ুম এবং ভাঙ্গারি সোহেল।

মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ২৪ আগস্ট মামলাটি আমলে নিয়ে পলাতক দুই আসামি কাইয়ুম ও সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, তাভেল্লা হত্যাকাণ্ডের পর কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইট দাবি করা হয়েছিল। তবে গোয়েন্দা পুলিশের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কাইয়ুমের পরিকল্পনা ও অর্থায়নে বিদেশি হত্যাকাণ্ডের ঘটানো হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে ছিলেন বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন। মতিন অন্যদের ভাড়া করেন।

নিউজওয়ান২৪.কম/এমএসআর

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত