ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

এবার টার্গেট ঐতিহ্যবাহী শোলাকিয়া, ২ পুলিশসহ নিহত ৪

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫:৩৪, ৭ জুলাই ২০১৬   আপডেট: ২৩:২৪, ৯ জুলাই ২০১৬

এবার জঙ্গি টার্গেট করা হলো দেশের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ঈদ জামাতকে। এখানে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ ৪জন। নিহত তৃতীয় ব্যক্তি হামলাকারী জঙ্গি গ্রুপের সদস্য এবং চতুর্থজন ঝর্ণা রানী ভৌমিক নামের এক নারী। তিনি গোলাগুলির সময় নিজের বাড়ির ভেতরে গুলিবিদ্ধ হন।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় নরসুন্দা নদীর তীরের এই এতিহ্যবাহী ঈদ জামাতের কাছে বৃহস্পতিবার সকালে আচমকাই শুরু হয় বোমাবাজি আর গুলি।

গুলশান হামলার রেশ না কাটতেই ঈদের সকালে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। আহত হয়েছে অন্তত আটজন। এদের মধ্যে পুলিশের ছয় সদস্যের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছে- এসআই নয়ন মিয়া এবং কনস্টেবল প্রশান্ত, জুয়েল, রফিকুল, তুষার ও মশিউর।

এছাড়া আব্দুর রহিম, হৃদয় ও মোতাহার নামে তিন পথচারীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমা হামলার কারণ পুলিশের কাছে স্পষ্ট নয় বলে জানা গেছে।

ঘটনাস্থল আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটক

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বৃহস্পতিবার পূর্ব ঘোষণামতো সকাল দশটায় জামাত শুরু হওয়ার কথা। স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লী সমবেত হন বিশ্বের অন্যতম বৃহত্তম এই ঈদ জামাতে শরীক হতে। তার আগেই সকাল সোয়া ৯টার দিকে বোমা হামলার এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর ) ওবায়দুল হাসান জানান, শোলাকিয়া মাঠের আড়াইশ মিটারের মধ্যে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে নিরাপত্তা দায়িত্বে একদল পুলিশ অবস্থান করছিল। তাদের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় বিশাল এই ঈদগাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময়টায় গুলিবিদ্ধ হন কাছকাছি বাড়ির বাসিন্দা ঝর্ণা রানী।

পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে কিছুক্ষণের মধ্যেই হামলাকারীদের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয় বলে জানান কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। এমন পরিস্থিতিতে জামাত শুরু হতে বিলম্ব হয়। নির্ধাতির ইমামের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হতে থাকে।

তবে আধা ঘণ্টা পর স্থানীয় জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শোয়াইবের ইমামতিতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, হামলার পর পুলিশসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জহুরুল হক (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে মৃত ঘোষণা করা হয়। পরে বাকি আহত ইন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

এরপর অবস্থার অবনতি দেখে মমেক হাসপাতাল থেকে সাত পুলিশ সদস্যকে ময়মনসিংহ সিএমএইচে নেওয়া হয়। সেখানে আনসারুল্লাহ নামে আরেক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। এখবর নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম।

পরে সেখান থেকে ছয় পুলিশ সদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, র‌্যাব ১৪ এর মেজর সাইফুল সাজ্জাদ জানান, ঘটনার সময়ে আহত হামলাকারী আবু মোকাদ্দেলকে আটক করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া পুলিশ আটক করেছে আরও দুইজনকে।

ঘটনার আকষ্মিকতা কাটিয়ে পুলিশ রুখে দাঁড়ালে একহামলাকারী নিহত হয়। তবে এসময়ে বোমা ও গুলিতে গুরুতর আহত হয় জনাদশেক যাদের বেশিরভাগই পুলিশ। হাসপাতালে নেয়ার পর এদের মধ্যে দুই পুলিশ সদস্য জহুরুল হক ও আনসারুল্লাহর মৃত্যু হয়।

সন্ত্রাসী-পুলিশ গোলাগুলির মাঝেই পরে তিন প্লাটুন বিজিবি ও র্যা বের একটি দল পুলিশের সঙ্গে যোগ দেয়।

কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির উপর ঐতিহ্যবাহী এ ঈদগাহে প্রতি ঈদে নামাজ পড়তে আসেন লাখো মানুষ।

‘সোয়া লাখি মাঠ’ থেকে শোলাকিয়া নাকি...
বাংলার বার ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে এই শোলাকিয়ার ঈদগাহর গোড়াপত্তন করেন। জনশ্রুতি রয়েছে প্রথম জামাতে সেখানে সোয়া লাখ মুসুল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয়ে যায় ‘সোয়া লাখি মাঠ’। সেই ‘সোয়া লাখি…’ লোকমুখে বিবর্তিত হতে হতে রূপ নেয় আজকের শোলাকিয়ায়।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে দেশের ইতিহাসে নজিরবিহীন জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিসহ দেশি-বিদেশি ২৮ জন নিহতের পর এবার দেশের প্রধান প্রধান ঈদ জামাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানায়, ইদগাহের বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আওতায় শোলাকিয়ায় সহস্রাধিক পুলিশ সদস্যের পাশাপাশি বিপুল সংখ্যক র্যা ব সদস্য দায়িত্বরত ছিল। ছিল আর্মড পুলিশও। মাঠের পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল ওয়াচ টাওয়ার এবং ক্লোজড সার্কিট ক্যামেরার সমন্বয়ে।

নিউজ্ওয়ান২৪.কম/এসকে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত