ঢাকা, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ:

এসি কেনার আগে বিবেচনায় রাখুন...

প্রকাশিত: ১০:৪৫, ২৯ মার্চ ২০১৯  

এসি নিয়ে কথা বলার শুরুতেই মনে রাখা ভাল যে এটি মূলত তিনটি কাজ করে। প্রথমত কোনো ঘর বা নির্দিষ্ট স্থানের তাপমাত্রা কমিয়ে আনে (কোনো কোনো ক্ষেত্রে শীতল বাতাসকে উষ্ণ করে), বাতাসের আদ্রতা কমায় এবং সেখানকার বাতাসকে ফিল্টার করে বা ছেঁকে দেয়।

মার্চ এসে গেছে। গরম পড়ি কি পড়ি না পার করে এখন রীতিমতো গরম চলছে। প্রতিবছর বাংলাদেশে এসময়টায় অনেকেই এয়ার কন্ডিশনার (এসি) কেনার প্রয়োজনটা বোধ করেন অন্য সময়ের চেয়ে বেশি। তো নতুন-পুরাতন যাই কেনেন, যদি পূর্বঅভিজ্ঞতা না থাকে তবে এসি কেনার আগে কিছু বিষয়ে খেয়াল রাখলে ভাল করবেন। যেমন-

আপনার ঘরের আকার যদি ১০০ থেকে ১২০ বর্গফুট হয় সেক্ষেত্রে ১ টন এসিতেই চলতে পারে। 

পৌনে এক টন ক্ষমতাসম্পন্ন এসিও তৈরি করে অনেকে। এই ক্ষমতার এসি ব্যবহার করতে হবে ৮০ বর্গফুটের কম আয়তনের রুমে। 

সোয়া একটন এসি ব্যবহার করতে পারেন ১৪০ খেকে ১৫০ বর্গফুটের জন্য। আর দেড়টনের এসিতে গরম দূর করতে পারেন ১৬০ বর্গফুট স্থানে। দুইটন এসির ক্ষমতা ২১০ বর্গফুট। এছাড়া আড়াই টনের এসি ২৬৫ বর্গফুট অনায়াসে নিয়ন্ত্রণ করবে। আর তিন টন এসির ক্ষমতা ৩১৫ বর্গফুট।  
   
তবে এরচেয়ে বড় আকারের হলরুম বা অফিস স্পেসের জন্য টেকনিশিয়ানদের পরামর্শ নিতে হবে। তবে এক্ষেত্রে সুত্র হল প্রতি স্কয়ার ফিট ডাণ্ডা করতে ২০ ব্রিটিশ থারমাল ইউনিট দরকার। আপনার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে দেখুন কোন সাইজের এসি দরকার। তবে শুধু ব্রিটিশ থারমাল ইউনিট বিবেচনা করলেই হবে না। এর সাথে আপনার রুমের উচ্চতা, কোথায় এসি বসাবেন ,আপনার রুমের দরজা এবং জানালার সাইজ- এসব কিছুর ওপরও এসির সাইজ নির্ভর করে।

এছাড়া আপনার রুম যদি ছায়াময় স্থানে হয় তবে সক্ষমতা ১০% কম নিতে পারেন। আর যদি রুমের অবস্থান রোদেলা বা অধিক তাপীয় স্থানে হয় তবে সক্ষমতা ১০% বাড়িয়ে সাইজ নির্ধারণ করুন। যদি দুই জনের বেশি রমে থাকেন, তবেন দুইয়ের বেশি প্রতিজনের জন্য ৬০০ ব্রিটিশ থারমাল ইউনিট যোগ করে সাইজ ঠিক করতে হবে।

আর যদি এসি রান্নাঘরে ব্যবহার করতে চান তবে এটির সক্ষমতা ৪০০০ব্রিটিশ থারমাল ইউনিট বাড়াতে হবে ।

এসইইআর রেটিং
সব এসির একটি কার্যকরিতার মাপ আছে যাকে বলে এসইইআর রেটিং –মানে সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেটিং। হলুদ রঙের এনার্জি গাইডে এসইইআর রেটিং লেখা থাকে প্রতিটি এসিতে। এই রেটিং যত বেশি তার মানে এসি তত কার্যকর আর তত কম এনার্জি খরচ করে ঘর ডাণ্ডা করার জন্য।

আগের এসি গুলিতে যেখানে  এসইইআর রেটিং ছিল ৬ । ২০০৬ সালের জানুয়ারি মাসের পরে তৈরি এমন এসির রেটিং হয়েছে কমপক্ষে ১৩। আজকাল ভাল রেটিংযুক্ত মডেলের রেটিং হল ১৫ থেকে ১৭। সহজ কথায় বলা যায়- ১৩ এসইইআর যুক্ত এসি ১০ এসইইআর রেটিংয়ের এসি থেকে ৩০% বেশি কার্যকর।

স্প্লিট টাইপের চেয়ে উইন্ডো টাইপ এসি দামে তুলনামূলক কম। জায়গাও কম দখল করে উইন্ডো এসি। ফিক্সড স্পিড এসির চেয়ে ইনভার্টারযুক্ত এসিতে বিদ্যুৎ খরচ কম হয়। তাই কেনার সময়ে খরচটা বেশি হলেও মাস মাস বিদ্যুৎ খরচ বহনের বোঝা অনেকটাই লাঘব হয় এতে। 

আজকাল এসি অনেক আধুনিক কায়দায় তৈরি হয়। এখন অনেক এসি স্মার্ট ফোন দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। 

ওয়ারেন্টি ভালোভাবে চেক করুন
কেনার সময় দোকান বা শোরুমে দায়িত্বরত সেলস এক্সিকিউটিভের কাছ থেকে আপনার পছন্দের মডেল ও ব্রান্ডের ওয়ারেন্টি সম্পর্কে ভালভাবে জেনে নিন। সেলসম্যান বা ওম্যানের মিষ্টি মিষ্টি বোলচালে না ভুলে পণ্যের গুণগত মান-বৈশিষ্ট্য এসব সম্পর্কে জেনে নিন। মনে রাখবেন, যে সেলসপারসন আপনাকে এসির বিষয়ে জ্ঞান দিচ্ছেন তিনি নিজে এটা হয়তো ব্যবহার-ই করেননি কিংবা তাকে তার কোম্পানি এ বিষয়ে যে বুলি মুখস্ত করিয়ে দিয়েছৈ তিনি তাই উগড়ে দিচ্ছেন। কিন্তু যেহেতু নিজের গাঁটের পয়সা খরচ করে জিনিস কিনবেন তাই একটু দেখে শুনে কিনতে দোষ নেই। পণ্য বিক্রি করে ফেলার পর ভোক্তার অনেক বিষয়ই স্রেফ ভুলে যায় বিক্রেতা কোম্পানি বা তার লোকজন।

আর একটি কথা 
বাড়িতে বা অফিসে এসি এমন ঘরে লাগাবেন যে ঘর বা ঘরগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কারণ, সবার পক্ষে সব ঘরেই তো আর এসি লাগান সম্ভব নয়। তাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং উপযোগী- এমন ঘরে এসি স্থাপন করুন। এর ফলে আপনার বিদ্যুৎ খরচ অনেক কম হবে আর এসির সুফলও পুরোপুরি ভোগ করতে পারবেন।

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত