ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

বিদায় ‘বেগম’!

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩০, ২৩ মে ২০১৬   আপডেট: ১৭:১৫, ২৪ মে ২০১৬

নূরজাহান বেগম: জন্ম ৪ জুন ১৯২৫- মৃত্যু ২৩ মে ২০১৬

নূরজাহান বেগম: জন্ম ৪ জুন ১৯২৫- মৃত্যু ২৩ মে ২০১৬

ঢাকা: উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে মৃত্যু হয় তাঁর। এসময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।

তিনি ছিলেন ঐতিহ্যবাহী শিশুসংগঠন কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খানের (দাদা ভাই) সহধর্মিনী। দাদা ভাই ১৯৯৯ সালের তিন ডিসেম্বর মারা যান।

প্রসঙ্গত, বার্ধ্যক্যজনিত নানা অসুস্থতা নিয়ে গত কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ছিলেন ৯২ বছর বয়সী নূরজাহান বেগম।

গত সাত মে থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসকষ্টের কারণে গত চার মে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

দেশে নারী অগ্রযাত্রার অন্যতম অগ্রদূত নূরজাহানের মৃত্যুতে তাৎক্ষণিক শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান ও অধ্যাপক মালেকা বেগম।

নূরজাহান বেগমের বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান জানান, মায়ের মরদেহ পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের বাড়িতে নেওয়ার পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

চিকিৎসাধীন অবস্থায় নূরজাহানের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেভাবে ‘বেগম’ নূরজাহান

নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন, চাঁদপুরে। ১৯৪২ সালে পশ্চিমবঙ্গের ভাগলপুরে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ম্যাট্রিক পাস। এরপর কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজে পড়াশোনা করেন তিনি।

১৯৫২ সালে কেন্দ্রীয় কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খানের (দাদা ভাই) সঙ্গে তার বিয়ে হয়।

নারী শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানে স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে রোকেয়া পদকে সম্মানিত করা হয় নূরজাহান বেগমকে। এছাড়া বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজী জেবুন্নেসা-মাহবুবউল্লাহ ট্রাস্ট, রোটারি ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সম্মাননায়ও ভূষিত হন তিনি।

বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা তার বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন। উপমহাদেশের এ অঞ্চলের বিশেষ করে বাংলাভাষাভাষী নারীদের সহিত্য-সংস্কৃতির অঙ্গনে স্থান করে দিতে ১৯৪৭ সালে ‘বেগম’ পত্রিকার পদযাত্রা শুরু হয়ে এখন পর্যন্ত তা চলমান রয়েছে। বাংলাদেশের নারী সাহিত্যিকদের অনেকের লেখালেখির হাতেখড়ি বেগম পত্রিকা দিয়ে। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত হলেও দেশভাগের পর নাসিরউদ্দিন ঢাকায় স্থায়ী হলে ১৯৫০ সালে সাপ্তাহিক পত্রিকাটি ঢাকায় চলে আসে।

প্রতিষ্ঠার পর প্রথম চার মাস বেগম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। পরে নূরজাহান সম্পাদনার দায়িত্বে আসেন। এরপর থেকে বেগমের প্রাণভোমরায় পরিণত হন সুযোগ্য এই নারী।


নিউজওয়ান২৪.কম/এসএল

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত