ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

রাজপুত্র দেখে যাওয়ার পরই অভয়ারণ্যের গণ্ডার হত্যা!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৭ এপ্রিল ২০১৬   আপডেট: ১১:০৪, ১৮ মে ২০১৬

ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন উত্তর-পূর্ব ভারতের এক বন্যপ্রানী অভয়াশ্রম থেকে সফর শেষ করে যাওয়ার পরপর সেই অভয়াশ্রমের বাসিন্দা এক গণ্ডারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে যুবরাজ দম্পতি।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের এক কর্মকর্তা একথা জানান। জানা গেছে, চোরাশিকারীরা গণ্ডারটিকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে ৮৮টি একে-৪৭ সাব মেশিনগানের গুলি খোসা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার আসাম রাজ্যের কাজিরাঙা ন্যাশনাল পার্কের বনরক্ষীরা মৃত গণ্ডারটিকে খুঁজে পায়। তবে তার শিংটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে চোরা শিংয়ের জন্যই চোরাশিকারীরা পশুটিকে হত্যা করে।
এ ঘটনার মাত্র ঘন্টা কয়েক আগে বৃটিশ যুবরাজ দম্পতি ওই অভয়ারণ্য ত্যাগ করেন। এসময় তারা একটি গণ্ডার শিশুকে বিশাল এক ফিডারে করে দুধ খাওয়ান যার ভিডিও দুনিয়ার অসংখ্য টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়।

দ্য মিরর জানায়, যেখানে গণ্ডারটিকে হত্যা করা হয় তার ২০ কিলোমিটার দূরে ওই বনেই রাত্রিযাপন করে যুবরাজ দম্পতি। তারা তাদের রাজকীয় সফরের ভারতপর্ব শেষ করে ভূটান রওনা করেন কাজিরাঙা থেকে।

এদিকে, সিনিয়র ফরেস্ট অফিসার সুভাশীষ দাম জানান, চোরা শিকারীরা একে-৪৭ সাবমেশিনগানের গুলিতে পুরুষ গণ্ডারটিকে হত্যা করে তার শিংটি কেটে নিয়ে যায়। এটা ওই অভয়ারণ্যে গত চারদিনে দ্বিতীয় গণ্ডার হত্যার ঘটনা। গত সোমবার অপর একটি গণ্ডারকে হত্যা করেও তার শিংটি কেটে নেয় দুর্বৃত্তরা।

মধ্য এশিয়াসহ বিশ্বের ধনী রাষ্ট্রগুলোয় এই গণ্ডারের শিংয়ের দাম আকাশ ছোঁয়া। অলঙ্কার এবং দুর্লভ ঔষধ তৈরিতে এই শিংয়ের পাউডার ও খণ্ডিত অংশ ব্যবহার করা হয়।

কাজিরাঙা ন্যাশনাল পার্কের ওয়েবসাইটের তথ্য মোতাবেক, ২০১৪ সালে ২৭টি গণ্ডার হত্যাকাণ্ডের শিকার হয়। আর গত বছর এই সংখ্যা ছিল ১৭টি।

সাম্প্রতিক এক গণনায় দেখা যায় বিশ্বের মোট ৩৩০০ গণ্ডারের মধ্যে ২৪০০ এর বসবাস আসামে।

দুনিয়ায় এখন পর্যন্ত টিকে থাকা দুর্লভ প্রজাতির এক শিঙে গণ্ডারের দুই তৃতীয়াংশের বসবাস আসামে। এক সময়ে প্রতিবেশী বাংলাদেশও এই প্রজাতির গণ্ডারের আবাসভূমি ছিল।

নিউজওয়ান২৪.কম/এনআই

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত