খালেদা জিয়ার সাথে সিলেট বিএনপি-ছাত্রদলের সাক্ষাৎ
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রোববার
সিলেট বিএনপি-ছাত্রদলের চার নেতার সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন।
শনিবার রাতে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
গুলশান কার্যালয়ে তার সাথে সাক্ষাত করেন সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর দিনার খান হাসু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
এসময় নেতারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করায় সরকারের ‘রোষানলে’ পড়ে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং কাউন্সিলর দিনার খান হাসুকে সিটি করপোরেশন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দাবি করে চেয়ারপার্সনকে অবহিত করেন। তাছাড়া দলের দুর্দিনে সক্রিয় থাকায় যে সকল নেতাকর্মী সরকারের জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি দলের ভেতরেও অবিচার করার ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তারা।
এসময় খালেদা জিয়া তাদের কথা মনযোগ দিয়ে শুনেন এবং দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সকল কমিটি করা হবে বলেও আশ্বস্ত করেন।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এ তথ্য জানিয়েছেন।
নিউজওয়ান২৪.কম
