NewsOne24

বাহিনী প্রধান পদে চাকরির মেয়াদ সর্বোচ্চ ৪ বছর হচ্ছে

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:২৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

তিন বাহিনী প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করে আইন করতে যাচ্ছে সরকার। নয়া আইনে বাহিনী প্রধানদের পদে দায়িত্ব পালনের মেয়াদ হবে সর্বোচ্চ চার বছর। এ আইন কার্যকর হলে একটি বাহিনীর প্রধান অবসরের বয়স ৫৯ বছর পার হওয়ার পরও নির্ধারিত চার বছর দায়িত্ব পালন করতে পারবেন- যদি জনস্বার্থে তাকে অবসর না দেওয়া হয় বা বাহিনী প্রধান স্বেচ্ছায় অবসরে না যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, সংবিধানের ৬১ থেকে ৬৩ অনুচ্ছেদে বলা আছে, আইন প্রণয়নের মাধ্যমে সংসদ প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, যেহেতু সংবিধানে বলা আছে, কিন্তু ৪৪ বছরে কোনো আইন হয়নি, এজন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতোদিন বাহিনী প্রধান পদে চাকরির সময় নির্ধারণ করা ছিল না। জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশনস (জেএসআই) নামে একটি ‘নির্দেশাবলীর’ মাধ‌্যমে এ বিষয়টি ঠিক করা হত।

শফিউল বলেন, রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের নিয়োগ দেবেন। জনস্বার্থে অবসর না দেওয়া হলে বা বাহিনী প্রধান স্বেচ্ছায় অবসরে না গেলে একসঙ্গে বা বর্ধিতকরণসহ সর্বোচ্চ চার বছর ওই পদে থাকা যাবে।

তিনি বলেন, চাকরির বয়স থাকুক আর নাই থাকুক, যোগ দেওয়ার পর মেয়াদ চার বছর থাকবে। চাকরি থাকলে মাইনাস ধরে নেন, সব মিলিয়ে চার বছর।

এ কথার ব‌্যাখ‌্যায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাকরি এক বছর থাকা অবস্থায় কেউ কোনো বাহিনীর প্রধান পদে নিয়োগ পেলে তিনি ‘সরকারের ইচ্ছায়’ আরও তিন বছর সময় পেতে পারেন।

জনস্বার্থে অবসরের আদেশ প্রদান না করিলে বা বাহিনী প্রধান স্বেচ্ছায় মেয়াদউত্তীর্ণ হওয়ার আগেই অবসর না নিলে বাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ একসঙ্গে বা বর্ধিতকরণসহ নিয়োগের তারিখ থেকে অনূর্ধ্ব চার বছর হবে।

“যেমন ধরুন, জেনারেল হিসেবে অবসরে যাওয়ার কথা ফিফটি নাইনে (বছরে), ওই সময় উনি আর্মি চিফ হলেন। তখন থেকেই উনার (চাকরির মেয়াদ) চার বছর যুক্ত হবে।”

অবসরের বয়সসীমা ৫৯ বছর এক্ষেত্রে কার্যকর হবে না।

নিউজওয়ান২৪.কম/আরকে