ফার্স্ট লেডি মিশেল ‘পর্বত শিখরে উল্লুক’: পদ হারালেন মেয়র
সাতরং ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৮:০১ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১০:৫৩ এএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার
ফেসবুকে পামেলা রামসে’র করা মন্তব্য
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ‘পর্বত শিখরে উল্লুক’ অর্থাৎ ‘উচ্চপদে আসীন বনমানুষ’ বা ‘অপাত্রে উত্তম বস্তু’ আখ্যায়িত করে ফেসবুকে করা মন্তব্যকে সমর্থন করেছিলেন ওয়েস্ট ভার্জিনিয়ার ক্লে টাউনের মেয়র বেভারলি হোয়ালিং।
তবে মূল মন্তব্যটি করেছিলেন পামেলা রামসে টেলর নামের এক বাসিন্দা।
পামেলার ফেসবুক পোস্টটি ছিল এরকম- একজন সুন্দরী, উৎকৃষ্ট-অভিজাত, সম্ভ্রান্ত ফার্স্টলেডি পাওয়া আমাদের জন্য স্বস্তিকর হবে। পর্বতশিখরে উল্লুক দেখে দেখে আমি ক্লান্ত।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যের টাউন অব ক্লে’র মেয়র বেভারলি ওই পোস্টের প্রশংসা করে মন্তব্যে লিখেন যে এটা তার দিনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। যা একজন জনপ্রতিনিধি হিসেবে ছিল খুবই অপ্রত্যাশিত আর অশোভন।
এই নারী মেয়র চরম বর্ণবাদী ওই মন্তব্যে দিয়ে প্রথমে খুশিতে বাগবাগ হলেও পরে কথা ঘোরাতে চেষ্টা করেন। তিনি বলেন, এটা তিনি নির্বাচনের ফলাফলকে ইঙ্গিত করে দিয়েছিলেন।
তবে তার ওই ফেসবুক মন্তব্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়। বর্ণবাদী আচরণের অভিযোগে তার পদত্যাগ চেয়ে দাখিল করা পিটিশনে স্বাক্ষর করেন এক লাখ ৭০ হাজার মানুষ।
তবে বেভারলি যে শহরের মেয়র ছিলেন, ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী সেই ক্লে শহরের মোট লোকসংখ্যাই সাকুল্যে মাত্র ৪৯১ জন (ভোটার কতজন হতে পারে তাও বিচেনার বিষয়)।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ওই শহরের বাসিন্দাদের মধ্যে কোনো আফ্রিকান-আমেরিকান নেই। কথা আরও আছে, পুরো ক্লে কাউন্টির মোট বাসিন্দা ৯০০০জন যার মধ্যে ৯৮% হচ্ছে স্বেতাঙ্গ।
মেয়রের পদত্যাগ চেয়ে করা ওই দরখাস্তের জেরে শেষপর্যন্ত তাকে ছাড়তে হয় পদ।
এদিকে, পদচ্যুত মেয়র সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে তার মন্তব্য বর্নবাদী উদ্দেশ্য হাসিলে করা হয়নি।
তিনি আরও বলেন, যারা আমাকে চেনে তারা জানেন যে আমি কোনোমতেই বর্ণবাদী নই। বিবিসি
নিউজওয়ান২৪.কম/একে
