NewsOne24

আমাদের অর্ধেক কিশোরী খর্বাকৃতির, গ্রামে রক্ত স্বল্পতায় ভুগছে ৪৩%

স্বাস্থ্য ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১০ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:১১ পিএম, ১০ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের অর্ধেক কিশোরী খর্বাকৃতির। এছাড়া গ্রামের তিনজন কিশোরীর মধ্যে একজন কৃশকায়। তাদের মধ্যে ৪৩ শতাংশ আবার রক্তস্বল্পতায় ভুগছে।

দেশের কিশোরীদের পুষ্টি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ, নেদারল্যান্ডস দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান গেইন এতে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়।

গত বুধবার অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় গেইনের পরামর্শক এসএম ইউনুস আলী কিশোরীদের পুষ্টি পরিস্থিতির সামগ্রিক চিত্র উপস্থাপন করেন। সভায় পরিবার পরিকল্পনা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনুস আলী বলেন, ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে লৌহ, আয়োডিন ও ভিটামিন ‘এ’ ও অণু পুষ্টিকণার অভাব সবচেয়ে বেশি। গ্রাম ও শহরাঞ্চলের কিশোরীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জীবনে কোনোদিন মাছ বা মাংস খায়নি। রাজধানীর স্কুলগামী কিশোরীদের মধ্যে ৬০ শতাংশ প্রতিদিন প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম লৌহ, আমিষ ও ক্যালসিয়াম গ্রহণ করে থাকে।

এসব কারণে তাদের পুষ্টি পরিস্থিতির এই করুণ হাল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ অ্যান্ড সার্ভের (বিডিএইচএস) এক সমীক্ষায় দেখা গেছে, দেশের ২৫ শতাংশ কিশোর-কিশোরী অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভুগছে। এতে বলা হয়, শুধু কিশোরীরা নয়- বাংলাদেশের কিশোরদের স্বাভাবিক উচ্চতায়ও কমতি রয়েছে। এর পেছনেও সঠিক মাত্রার পুষ্টির অভাব দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, অপুষ্টির কারণে শিশু-কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক উভয় ধরনের ক্ষতি হতে পারে। এর মধ্যে রয়েছে রক্তস্বল্পতা, মুখের কোনায় ঘা, পেটের অসুখ, রক্ত আমাশয়। এছাড়া টাইফয়েড, নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের চর্মরোগ, চোখের সমস্যা, চুল পড়া, পেটে কৃমি, দুর্বলতা, শারীরিক গঠন সুষ্ঠু না হওয়া ইত্যাদি সমস্যার শিকার হতে পারে তারা।

অপুষ্টির কারণে কিশোর-কিশোরীর বিকাশ সঠিকভাবে হয় না। পুষ্টির অভাব হলে তাদের স্নায়ুতন্ত্রের বিকাশও পরিপূর্ণভাবে ঘটে না। বাধাগ্রস্ত হয় বুদ্ধিগত বিকাশও। পরবর্তী জীবনে মেধাবী হতে পারে না যার নেতিবাচক প্রভাব জাতীয় প্রবৃদ্ধিতেও পড়তে পারে।

এসব পরিস্থিতি মোকাবেলায় সরকারের সঙ্গে সঙ্গে পিতা-মাতাদের সচেতনতা জরুরি বলে করছেন বিশেষজ্ঞরা।

নিউজওয়ান২৪.কম/এমএস