জাপা এমপি হান্নানসহ ৮জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ ট্রাইবুনালে
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০১:৫৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার
জাপা নেতা এমএ হান্নান -ফাইল ফটো
ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ছয়টি ঘটনায় জাতীয় পার্টির এমপি এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন।
আটজনের বিরুদ্ধে আনিত ছয়টি অভিযোগের মধ্যে চারটি হচ্ছে হত্যা ও গণহত্যার। বাকি দুটি অভিযোগ আটক ও নির্যাতনের ঘটনার।
আজ (সোমবার) ট্রাইব্যুনাল চেয়ারম্যান আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন সুলতান মাহমুদ সিমন, জাহিদ ইমাম, রিজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফদার।
এসময় সুলতান মাহমুদ সিমন সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল আগামী ১১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারন করেছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ পাঁচজনকে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। এর আগেরদিন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারি সূত্রে ঢাকা ও ময়মনসিংহ থেকে হান্নান ও তার ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীরও সদস্য ৮০ বছর বয়সী হান্নান ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) নির্বাচিত এমপি। একাত্তরের যুদ্ধাপরাধীদের চলমান বিচারে এর আগে জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের সাজা হয়।
নিউজওয়ান২৪.কম/একে
