বিজিবিসহ জনগণের কল্যাণে কাজ করবে সীমান্ত ব্যাংক: মে. জেনারেল আজিজ
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৩ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার
উদ্বোধন করছেন মে. জেনারেল আজিজ আহমেদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান
ঢাকা: আজ (০৯ অক্টোবর ২০১৬) সীমান্ত ব্যাংক লিমিটেডের প্রথম শাখার উদ্বোধন হয়েছে রাজধানীর পিলখানার সীমান্ত স্কোয়ারে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং সীমান্ত ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিজিবিএম, পিএসসি, জি ধানমণ্ডির ২নং সড়কের পাশে অবস্থিত ব্যাংকটির প্রধান শাখার আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজিবি সূত্র জানায়, ভবিষ্যতে এটিই হবে ব্যাংকের প্রধান শাখা।
উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, ব্যাংকের সম্মানিত পরিচালকরা ছাড়াও বিজিবি এবং সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ বলেন, এই ব্যাংক বিজিবির সকল বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যসহ দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সীমান্ত ব্যাংক বর্ডার এলাকায় ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সীমান্ত এলাকার জনগণকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সীমান্ত এলাকার অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান বলেন আমাদের ব্যাংক প্রতিনিয়ত নতুন নতুন ব্যাংকিং সেবা এবং কারিগরি দক্ষতার মাধ্যমে দেশের জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
নিউজওয়ান২৪.কম/এমএস
