NewsOne24

বাংলাদেশে আলিবাবার আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু, সঙ্গী হলো ট্রেডেশি

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট আর স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা। বিষয়টি চোখ এড়ায়নি চীনের ইন্টারনেটভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা ডট কমের। তাই তারা বহুদিন ধরেই চেষ্টায় ছিল বাংলাদেশে আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করার। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে বিটুবিভিত্তিক ব্যবসা উন্নয়নের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রেডেশিকে নিয়োগ দিয়েছে।

গত বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির একটি আর্ট গ্যালারিতে এ সম্পর্কিত যৌথ উদ্যোগমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, এ ধরনের উদ্যোগের ফলে দেশে ই-কমার্সের আরও প্রসার হবে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে এই খাত একটা শক্ত ভিত্তি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রেডেশির দুই প্রতিষ্ঠাতা রাজিব হোসেন (চেয়ারম্যান) ও শাদাব পারভেজ (ব্যবস্থাপনা পরিচালক)।

‘ট্রেড’ এবং ‘দেশি’- এই দুটি শব্দের সহযোগে সৃষ্ঠ নাম ট্রেডেশি। নামই বলে দিচ্ছে এটা একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। বাংলাদেশে আলিবাবার নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসা উন্নয়ন ও নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ করবে তারা। এর আগে গত ফেব্রুয়ারিতে ইউসি মোবাইল ব্রাউজারে বাংলা ভাষায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা চালু করা হয়।

আলিবাবা ডট কমের বাংলাদেশের গ্লোবাল সার্ভিস পার্টনার ট্রেডেশি লিমিটেডের পরিচালনায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশি রফতানিমুখী প্রতিষ্ঠানগুলোর বিশ্ববাজারে সংযুক্তকরণে ভূমিকা রাখবে।

বাংলাদেশে আলিবাবা ডট কমের অনলাইন চ্যানেল তৈরি ও পরিচালনার করার পাশাপাশি ট্রেডেশি এদেশের প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বিপণন সংক্রান্ত কর্মকাণ্ডের সক্ষমতা উন্নয়নে সেবা প্রদান করবে।

প্রসঙ্গত, চীনে মোবাইল কমার্সের মাধ্যমেই ই-কমার্স জনপ্রিয় হয়েছে। দেশটিতে প্রচুর লোক এখন স্মার্টফোনের মাধ্যমে কেনাকাটা করে।

ইউসি ওয়েব এর ক্রমশ বিস্তারের ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে ইউসি ব্রাউজারকে সূচনা হিসেবে দেখছে আলিবাবা। আলিবাবার বিজনেস ইউনিট ইউসি মোবাইলের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউসি ব্রাউজার।

ইউসি ব্রাউজার বাংলাদেশের প্রতিবেশি ভারতসহ পাকিস্তান, চীন এবং ইন্দোনেশিয়ায় খুবই জনপ্রিয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য দেশ পরিচালনায় দেশে গত সাত বছরে প্রায় পাঁচ কোটি মধ্যবিত্ত গড়ে উঠেছে। বিষয়টিকে মাথায় রেখে সরকার ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষ্যে ই-কমার্সকে জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

নিউজওয়ান২৪.কম/এমএসআর