NewsOne24

মাহমুদুরের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রোববার | আপডেট: ০৯:০৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার

মাহমুদুর রহমান        -ফাইল ফটো

মাহমুদুর রহমান -ফাইল ফটো

ঢাকা: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। 

গত ৭ সেপ্টেম্বর মাহমুদুরের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ তাকে জামিন দেয়।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির সূত্রে আজ (রোববার) অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৩০ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারান্তরীন আছেন মাহমুদুর রহমান।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আর মাহমুদুর রহমানের পক্ষে এজে মোহাম্মদ আলী ও সহায়তাকারী তানভীর আহমেদ আল আমিন।

জামিন স্থগিত হওয়া প্রসঙ্গে তানভীর বলেন, আগামী ৩০ অক্টোবর আপিল বিভাগ বসা পর্যন্ত জামিন স্থগিত করা হয়েছে। ওইদিন এক নম্বর কোর্টে (প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আদালত) শুনানির জন্য রাখা হয়েছে।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার একমাত্র ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের লক্ষ্যে তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয় এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়।

সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
উল্লেখিত মামলায় সংশ্লিষ্টতা ছাড়াও বিভিন্ন আইনে মাহমুদুরের বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর কারাগারেই আছেন।

জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলার আসামি ও মৌচাকে ঢিল নামক সাময়িকীর সম্পাদক শফিক রেহমান সম্প্রতি উচ্চ আদালতের জামিনে মুক্তি পান।

নিউজওয়ান২৪.কম/এমএস