১৮০০ কিলোর বাহুবলিকে কোরবানি দেবে কে?
সাতরং ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
আজকের (সোমবার) মধ্যে ১৮০০ কিলো ওজনের বাহুবলির খরিদদার না পেলে মালিক পক্ষে নিজেই একে কোরবানি করবেন। মুররা জাতের বিশালাকৃতির এই মোষটির নাম দেওয়া হয়েছে বহুল আলোচিত বিগ বাজেটের দক্ষিণী মুভি বাহুবলির নামে।
ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরের তৌসিফ কুরেশি ও নাদিম নামের দুই ব্যক্তি হরিয়ানা থেকে ১১ লাখ রুপিতে এক কিনে এনেছিলেন দুদিন আগে। আরও অনেক বেশি দামে বেচে ভাল ‘দান মারার’ আশা করেছিলেন তারা। কিন্তু মহিষটি পুরো শহরের সেরা আকর্ষণে পরিণত হলেও এখন পর্যন্ত এর ‘বিক্রয় মূল্য’ কেউ হাঁকেনি।
বাহুবলি দৈনিক সাধারণ গো-খাদ্য ছাড়াও ২০লিটার দুধ আর ২০ কিলো আপেল গ্রহণ করে থাকে। মহিষটিকে শোয়ার জন্য বিশাল এক গদিও দিতে হয়েছে। অতিরিক্ত গরমে যাতে অসুস্থ হয়ে না যায় সেজন্য গোহালে স্থাপন করা হয়েছে দুটি এয়ার কুলার আর একটি ফ্যান।
বিলাসপুর, রামপুর, হলদারানি, চান্দৌসিসহ আশপাশের এলাকার মানুষজন গত দুইদিন ধরে ভীড় করে এসে দেখছে বাহুবলিকে। কিন্তু এতে মালিক তৌসিফ আর নাদিম মোটেই খুশি নন। তৌসিফ জানিয়েছেন, সোমবারের (চানরাত) মধ্যে উপযুক্ত দাম না পেলে তারা নিজেরাই একে কোরবানি করবেন। বাংলাদেশসহ অনান্য দক্ষিণ এশীয় দেশের মতো আগামীকাল (মঙ্গলবার) ভারতে ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
প্রসঙ্গত, ধর্মীয় বিধান মোতাবেক মুসলমানরা ঈদুল আযহায় গরু, ছাগল, উট, দুম্বা কোরবানি করে থাকে। তবে ভারতের অনেক স্থানে সংখ্যালঘু মুসলমান সম্পদ্রায় গরুর বদলে মহিষ কোরবানি দিয়ে থাকে। সূত্র: নবভারতটাইমস.কম, নিউকেরালা.কম
নিউজওয়ান২৪.কম/একে
