‘সন্ত্রাস-মানুষ হত্যায় দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে’
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ফটো
ঢাকা: আন্তর্জাতিক সম্প্রদায় জঙ্গিবাদের বিরুদ্ধে একতাবদ্ধ থাকায় তাদের ধরা কঠিন হবে বলে মনে করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে চলমান অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন বলেন, আমি বিশ্বাস করি, এদেরকে আমরা ধরতে পারবো এবং উপযুক্ত শাস্তি দিতে পারবো।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমরা পেয়েছি এবং সকলে যৌথভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলার জন্য একতাবদ্ধ- সেহেতু এগুলি (এদের) খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না। এটা সময়ের ব্যাপার মাত্র।
‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নষ্ট করতে পর্দার আড়ালে থেকে যারা এসব হামলা করাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না’- প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন করেন নিজ দলীয় সদস্য গোলাম দস্তগীর গাজী।
জবাবে তিনি জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার গঠন করার পর বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল এখন। এসময় তিনি ২০১৫ সালে তিনমাস আন্দোলনের নামে বিরোধীদের ‘মানুষ পুড়িয়ে মারা’ এবং তার আগের বছর নির্বাচন বন্ধের আন্দোলনের নামে ‘মানুষ হত্যা’র ঘটনা তুলে ধরেন সংসদে।
প্রধানমন্ত্রী ‘সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড আর মানুষ হত্যা- সবগুলিতেই কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে’ উল্লেখ করে বলেন, তবে আমরা সুশাসন প্রতিষ্ঠা করছি, সুষ্ঠু ব্যবস্থাপনা করেছি। যার ফলে অতি অল্প সময়ে এই অবস্থার মোকাবিলা করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছি এবং বিদেশি বিনিয়োগকারীদের মাঝে যাতে আস্থা, বিশ্বাস সৃষ্টি হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি।
গুলশান হত্যাযজ্ঞের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা আসলে বিশ্বব্যাপীই এখন ঘটছে। কিন্তু বাংলাদেশে যারা ঘটাচ্ছে তারা সত্যিকারভাবে এদেশের উন্নতি, অগ্রগতি চায় না।
প্রধানমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দিকে ইঙ্গিত করে বলেন- মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এরা আসলে সেই স্বাধীনতায় বিশ্বাস করে না বলে আমার বিশ্বাস। নইলে এই ধরনের অমানবিক, কাপুরুষোচিত ঘটনা এভাবে বাংলাদেশে ঘটবে- এটা সত্যিই কল্পনাতীত।
নিউজওয়ান২৪.কম/আরকে
