সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া চলবে না: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৭ জুলাই ২০১৬ রোববার | আপডেট: ০৯:৪৫ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার
ঢাকা: বিএনপির সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘সাপ হয়ে দংশন করা আর ওঝা হয়ে ঝাড়ার’ সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মঙ্গোলিয়ার উলানবাটোরে সদ্য সমাপ্ত এশিয়া-ইউরোপ (আসেম) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা।
উল্লেখ্য, গুলশান হত্যাযজ্ঞের পর সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপি নেত্রী খালেদা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়টির সূত্র ধরে নাম প্রকাশ না করে খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া’ আর চলবে না।
তাদের (বিএনপি) সঙ্গে আলোচনায় বসলে উগ্রবাদ, সন্ত্রাসবাদ বন্ধ হবে কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমার মনেও এই প্রশ্নই জাগে যে, তাদের সঙ্গে আলোচনায় বসলে সন্ত্রাসবাদ বন্ধ হবে। অর্থাৎ, আলোচনা না করলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে- এটাই বলতে চাচ্ছে।”
সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে জঙ্গিবাদের ইন্ধনদাতা হিসেবে বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী জানান, তিনি মনে করেন সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। তবে যারা পুড়িয়ে মানুষ মারে, অথবা যুদ্ধাপরাধ করে, তাদের কথা আলাদা।
প্রধানমন্তী বলেন, “যাদের ঐক্য হলে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে, তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে এবং এই ঐক্য থাকবে। এটা হল বাস্তব।”
প্রসঙ্গত, খালেদার জাতীয় ঐক্যের আহ্বানের প্রতিক্রিয়ায় এর আগে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কয়েকজন স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গ ছাড়ার শর্ত দিয়েছিলেন। বিএনপি সমর্থক পেশাজীবীদের কয়েকজনও সম্প্রতি খালেদার সঙ্গে এক বৈঠকে এমন আহ্বান জানান। প্রকাশিত সংবাদে জানা গেছে, জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়টি এতদিন বিএনপির ভেতরে ভেতরে আলোচিত হলেও চেয়ারপারসন খালেদার সামনে কেউ মুখ খুলেনি। তবে পেশাজীবীদের সঙ্গে আলোচনায় প্রথমবারের মতো বিষয়টিতে কথা বলেছেন তিনিও।
নিউজওয়ান২৪.কম/আরকে
