প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে, শোলাকিয়ায় বৃহত্তম
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৪৪ এএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার
-ফাইল ফটো
ঢাকা: রাজধানীর হাই কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান ইমামতি করবেন এতে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আরও বলা হয়, বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান। নারী এবং বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের জন্য ঈদগাহে আলাদা জায়গা থাকবে।
আবহাওয়া স্বাভাবিক থাকলে জাতীয় ঈদগাহে প্রধান জামাতের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ ও বেলা পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল (অতিবৃষ্টি) হলে প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে সকাল নয়টায়- এ তথ্য জানিয়েছেন ধর্ম সচিব আব্দুল জলিল।
অপরদিকে, দেশের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ঈদ জামাত বরাবরের মতো কিশোরগঞ্জে নরসুন্দা নদীর তীরে শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আয়োজকদের হিসাব মতে, শোলাকিয়ার এবারের জামাতটি হবে ১৮৯ তম ঈদুল ফিতরের জামাত। এবারের জামাত শুরু হবে সকাল ১০টায়।
এছাড়া দেশের অন্যান্য বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এলাকার ঈদগাহ ও স্থানীয় মসজিদগুলোতে ঈদ জামাত সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই এ অঞ্চলে ঈদুল ফিতর উদযাপন হবে।
এদিকে, সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টায় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
শাওয়াল মাসের চাঁদ দেখা বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ (মঙ্গলবার) ইসলামিক ফাউন্ডেশন (বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স) সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায়। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
আজ বাংলাদেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা দ্রুত ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
নিউজওয়ান২৪.কম/এসআর
