চোরাবাজারে গাদ্দাফির মহামূল্য ছোরা!
সাতরং ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩০ পিএম, ১৮ জুন ২০১৬ শনিবার
মঙ্গলবার ইস্তাম্বুল পুলিশ প্রকাশিত ছবিতে গাদ্দাফির সেই ছোরা
মণি-মাণিক্য খচিত হাতির দাঁতের একটি অত্যন্ত দৃষ্টিনন্দন সৌখিন ছোরা উদ্ধার করেছে করেছে তুর্কি পুলিশ। ধারণা করা হচ্ছে এই ছোরাটির মালিক ছিলেন একসময়ে লিবিয়ার দোর্দণ্ড প্রতাপ রাষ্ট্রনায়ক মুয়াম্মার আল গাদ্দাফি।
ছোরাটি কালোবাজারে প্রায় ৮০ কোটি টাকায় বিক্রি হতে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদ সূত্রে তুরস্ক পুলিশ ইস্তাম্বুল শহরের ইউরোপীয় অংশের পাশের এসেনিয়ার্ত এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ছোরাটি উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, ওই ব্যবসায়ী ছোরাটি তিন মাস আগে লিবিয়া থেকে কিনে আনেন ৪.৬ মিলিয়ন ডলারে। ইস্তাম্বুলের চোরাই মাকেটে সৌদি এক ব্যবসায়ীর কাছে ১০ মিলিয়ন ডলারে এটি বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই পুলিশ হানা দেয় ওই ব্যবসায়ীর বাড়িতে।
পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাতির দাঁত এবং স্বর্ণ ও মহামূল্য রত্মের সুনিপুণ কারুকার্যে নির্মিত ছোরাটি হাতির দাঁতের তৈরি একটি স্ট্যান্ডে রাখা আছে যার দুপাশে মুখ ঘুরানো দুটি সাদা সিংহ দাঁড়ানো।
খাপ ও বাটে স্বর্ণ মোরা ছোরাটিতে ব্যবহার করা হয়েছে স্যাফায়ার, হীরক ও অ্যামারেল্ড।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে চুরি করে আনা মহামূল্য শিল্প ও প্রত্মসামগ্রী কেনাবেচার একটি অতি পরিচিত কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলের ‘নাম-ডাক’ রয়েছে।
দুর্লভ এই প্রত্মসম্পদটি গাদ্দাফি পতনের পর তার প্রাসাদ থেকে অন্যান্য মহামূল্য সামগ্রীর সঙ্গে লুণ্ঠিত হয়েছিল। ২০১১ সালের ২০ অক্টোবর গাদ্দাফিকে তার নিজের শহর সির্তের একটি সড়কে হত্যা করে বিদ্রোহী সৈন্যরা। সাবেক এই একনায়ক একটি কালভার্টের নিচে আত্মগোপন করেছিলেন।
ওই সময়ে লিবিয়াজুড়ে চলমান তুমুল বিশৃংখলা ও গৃহযুদ্ধের আবহে অনুগত সৈন্যরা তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিদ্রোহীরা তাকে লুকানো স্থান থেকে টেনে হিঁচরে বের করে এনে সাধারণ চোর-তস্করের মতো নির্মম মারপিট ও গুলি করে হত্যা করে।
নিউজওয়ান২৪.কম/একে
