নিলামে কাবাঘরের ১০৬ বছরের পুরনো গিলাফ
অর্থ-কড়ি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৮ এএম, ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার
পবিত্র কাবাঘরের ১০৬ বছর পুরনো একটি গিলাফের (কিসওয়া অর্থাৎ আচ্ছাদন) অংশ নিলামে দিয়েছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।
‘রিডিং ন্যাশন রামাদান’ প্রচারণা প্রকল্পের সহায়তার জন্য তিনি নিজের সংগ্রহশালা থেকে এ মহামূল্য ও দুর্লভ গিলাফটি দান করেছেন।
বর্তমানে শেখ মোহাম্মদ বিন রশিদের মালিকানায় থাকা স্বর্ণ ও রৌপ্য তন্তুতে কারুকাজ করা এই গিলাফটি কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন তুর্কি সাম্রাজ্যের অধীন মিশরের শাসক দ্বিতীয় আব্বাস হিলমি বে (হিজরি ১৩৩১ সাল)। এমিরেটস২৪৭ জানায়, ঐতিহাসিক এই গিলাফের অংশটি ছাড়াও দুবাইর শাসক আরও কিছু দুর্লভ প্রাচীন শিল্প সামগ্রী দান করেছেন।
আগামী ২১ জুন দুবাইর মদিনাত জুমেইরাতে এই নিলাম অনুষ্ঠিত হবে।
দুবাই শাসক ‘রিডিং ন্যাশন রামাদান’ নামের জনহিতকর এই প্রকল্পের প্রচারণা শুরু করেন গত ১ রমজান থেকে। এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শরণার্থী শিবিরে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পাঁচ লাখ বই বিতরন করা। এর আরেকটি উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী দুই হাজার স্কুলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা।
মোহাম্মদ বিন রশিদ গ্লোবাল ইনিশিয়েটিভ, দুবাই কেয়ারস ও মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ফাইন্ডেশন নামক জনকল্যাণমূলক সংস্থাগুলো আরব বিশ্ব ও অন্যান্য অঞ্চলের শিশুদের মাঝে জ্ঞানবিস্তার এবং পাঠাভ্যাস গড়ে তোলার কাজ করছে বলে জানান মোহাম্মদ বিন রশিদ গ্লোবাল ইনিশিয়েটিভের মহাসচিব মোহাম্মদ আল গেরগাবি।
নিউজওয়ান২৪.কম/একে
