বিশ্ব `গোলামি` সূচক: এক নম্বরে ভারত তিনে পাকিস্তান চারে বাংলাদেশ
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:২৮ পিএম, ৯ জুন ২০১৬ বৃহস্পতিবার
প্রতীকি চিত্র
আধুনিক সভ্য জগতে বাধ্যতামূলক শ্রম, পতিতাবৃত্তি, জোর করে ভিক্ষা করানো- এসব কর্মকাণ্ডকে আধুনিক কৃতদাস বলে বিবেচনা করা হয়। সেই বিবেচনায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এ ধরনের `কৃতদাসের` সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার জন।
নবভারতটাইমস.কম জানায়, এ বিচারে ভারত এখন দুনিয়ার এক নম্বর দেশ যেখানে আধুনিক জমানার কৃতদাস বা গোলামের সংখ্যা সর্বাধিক। এক পরিসংখ্যানে জানা গেছে, সারা বিশ্বে এ ধরনের `গোলামের` মোট সংখ্যা চার কোটি ৫৮ লাখ।
মঙ্গলবার প্রকাশিত অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন `বাক ফ্রি ফাউন্ডেশন` এর ২০১৬ সালের বিশ্ব গোলামি সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দুই বছর আগে ২০১৪ সালে এই সংখ্যা এক কোটি কম ছিল। অর্থাৎ ওই সময়টায় গোলামীর অদৃৃশ্য আর দৃশ্যমান শৃঙ্খলে আবদ্ধ ছিল ৩ কোটি ৫৮ লাখ আদম সন্তান।
রিপোর্ট মোতাবেক, ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে `গোলামের` সংখ্যা সবচেয়ে বেশি। তবে জনসংখ্যার অনুপাতে তা সবচেয়ে বেশি উত্তর কোরিয়ায়। অনেক ক্ষেত্রেই দুনিয়ায় একঘরে অবস্থায় থাকা দেশটিতে ৪.৩৭% মানুষ এ ধরনের গোলামির শিকার বলে জানায় `বাক ফ্রি ফাউন্ডেশন`।
তারা আরও জানায়, বিশ্বের ১৬৭টি দেশে এ ধরনের গোলামি চলছে যার মধ্যে শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে এশিয়ায়। বৃহত্তম এ মহাদেশে এক নম্বরে থাকা ভারতের পরের অবস্থানগুলিতে আছে যথাক্রমে চীন (৩৩ লাখ ৯০ হাজার), পাকিস্তান (২১ লাখ ৩০ হাজার), বাংলাদেশ (১৫ লাখ ৩০ হাজার) ও উজবেকিস্তান (১২ লাখ ৩০ হাজার)।
নিউজওয়ান২৪.কম/একে
