শেখ হাসিনার আকাঙ্ক্ষা পূরণে জাপানি সংস্থাগুলোকে নির্দেশ শিনজোর
নিউজওয়ান২৪.কম ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:২০ এএম, ২৯ মে ২০১৬ রোববার | আপডেট: ১০:৪২ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ আরও দৃঢ় করার বিষয়েও জাপান আগ্রহ প্রকাশ করেছে।
জাপানের নাগোয়ায় শনিবার সকালে বাংলাদেশ-জাপান বৈঠকে এমন আশ্বাস মিলেছে চেরিফুলের দেশটির প্রধানমন্ত্রীর কাছ থেকে। বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রস্তাবে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে যথাযথ পদক্ষেপ নিতে তাৎক্ষণিকভাবে জাইকাসহ তার দেশের অন্যান্য সাহায্য সংস্থাকে নির্দেশ দেন।
শিনজো আবে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে শেখ হাসিনার আকাঙ্ক্ষা পূরণে জাপান পাশে থাকবে।
নাগোয়া শহরে সকালে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বৈঠক শেষে বিকালে টোকিও পৌঁছে সন্ধ্যায় সাংবাদিকদেরেএ বিষয়ে ব্রিফ করেন বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা।
ব্রিফিংয়ে বলা হয়, বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। এর জবাবে তাৎক্ষণিকভাবে শিনজো আবে যথাযথ পদক্ষেপ নিতে তার দেশের সাহায্য সংস্থাগুলোকে নির্দেশ দেন।
এদিকে, বাংলাদেশি পররাষ্ট্র সচিব শহীদুল হক ওই বৈঠক প্রসঙ্গে বলেন, “এটা ছিল পুরোপুরি দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠক। আলোচনা অত্যন্ত সফল হয়েছে; বিশেষ আন্তরিক পরিবেশে হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাবে খুব স্বতঃস্ফূর্ত সাপোর্ট এসেছে।”
বাংলাদেশ-জাপান সম্পর্ক সুদূরপ্রসারী হিসাবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে শহীদুল হক বলেন, “জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার শেখ হাসিনার আকাঙ্ক্ষা পূরণে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, “জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি ফলপ্রসু হয়েছে।”
আলোচনায় ২০১৪ সালে শেখ হাসিনার জাপান সফরের পর দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে বলে স্বীকার করেন শিনজো আবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, “ট্রেড ক্রিয়েশন ইনভেস্টমেন্ট উইথ বাই ব্যাক অ্যাগ্রিমেন্ট জাতীয় উদ্যোগে বাংলাদেশকে সহায়তায় জাপানের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। জবাবে ওই বৈঠকেই বিষয়টি বিবেচনা করতে জাইকাকে নির্দেশ দেন শিনজো আবে।”
এছাড়া ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ জাপানের বিনিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
শহীদুল হক জানান, অন্যান্য বিষয়ের মধ্যে ক্ষুদ্র মাঝারি ঋণ, জ্বালানি দক্ষতা, ন্যানো টেকনোলজি এবং সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী সহায়তাও চেয়েছেন; প্রতিটি বিষয় বিবেচনার আশ্বাস মিলেছে জাপানের পক্ষ থেকে।
নিউজওয়ান২৪.কম/এমএস
