NewsOne24

মন্ত্রীর অনুরোধে শাহবাগে বিকেল পর্যন্ত কর্মসূচি কাল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৩২ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুরোধে আগামীকাল শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান করে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ করে। এছাড়াও দাবি না মানলে আগামী ৬ অক্টোবর শাহবাগে মহাসমাবেশ করবেন বলেও ঘোষণা করা হয়।  

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিকুর রহমান বলেন, আগামী শনিবার বিকেল তিনটায় শাহবাগে মহাসমাবেশ করবেন তারা। যতক্ষণ না পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

সরকারি চাকরিতে নিয়োগে এতদিন ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

এই কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি প্ল্যাটফর্ম। এরপর কোটা পদ্ধতি পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেয় সরকার।

ওই কমিটি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা সম্পূর্ণ তুলে দেয়ার সুপারিশ করে, যা বুধবার মন্ত্রিসভার অনুমোদন পায়।

নিউজওয়ান২৪/এমএস