এমডি ছাড়াই চলছে ডিএসই-সিএসই
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০২:০১ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার | আপডেট: ১০:৫৬ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার
হন্যে হয়ে নিজেদের জন্য একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কিন্তু বারবার চেষ্টায়ও মিলছে না যোগ্য এমডি। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) চলছে এমডি ছাড়াই।
ডিএসই এমডিশূন্যতা থেকে মুক্ত হতে প্রথমবার বিজ্ঞপ্তি দেওয়ার পর মাসখানেক পেরিয়ে গেলেও কাজ হয়নি। এ অবস্থায় দ্বিতীয় দফায় আবারও এমডি পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই।
নয়া এমডি নিয়োগে স্টক এক্সচেঞ্জের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেয়াদ শেষে প্রতিষ্ঠানের সর্বশেষ এমডি স্বপন কুমার বালা (এসকে বালা) পদ ছেড়ে দেওয়ায় এ পদটি খালি হয় গত ১৩ এপ্রিল। এসকে বালা ২০১৩ সালের ১৫ এপ্রিল ৩ বছরের জন্য সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে ডিএসইর দায়িত্ব নেন। মেয়াদ শেষে পুনরায় সুযোগ থাকলেও এমডি হওয়ার বিষয়ে তার অনীহা থাকায় ডিএসই এপ্রিল মাসের শুরুতে একই পদের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে জীবনবৃত্তান্তসহ ডিএসইর চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়।
ডিএসইর উপমহাব্যবস্থাপক (গণসংযোগ) শফিকুর রহমান জানান, প্রথম ধাপের বিজ্ঞপ্তিতে ১৬-১৭ জন আবেদন করেছিল। তারপরেও দ্বিতীয় ধাপে এমডি চেয়ে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এর ব্যাখ্যা তিনি দেননি।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ডিএসইর এমডি হতে আগ্রহীদের আবেদনপত্র আগামী ১৫ মের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জীবনবৃত্তান্তসহ ডিএসই চেয়ারম্যান বরাবরে পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএসইর এমডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারি দক্ষতার ২টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে একটি শর্ত পূরণ করলেই চলবে।
প্রথম শর্তটি হচ্ছে, ব্যবসায় ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসহ অর্থনীতি, ব্যবসায়, পরিসংখ্যান, গণিত অথবা আইন বিষয়ে স্নাতক থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, ন্যূনতম ১০ বছরের পেশাদারিত্বের অভিজ্ঞতাসহ সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাদারি পদবি থাকতে হবে। তবে পুঁজিবাজার বা সম্পর্কিত ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগ লাভে প্রথম দুটি শর্ত ডিএসইর পরিচালনা পর্ষদের সম্মতিতে শিথিল করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশের অপর শেয়ারবাজার সিএসইর এমডি পদও খালি রয়েছে। তবে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন আবেদনকারীদের মধ্যে এখন দুজন চূড়ান্ত তালিকায় রয়েছেন। এর মধ্যে একজন ডিএসইর উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন এবং অপরজন মিনহার সিকিউরিটিজের এমডি সাইফুল ইসলাম মজুমদার।
নিউজওয়ান২৪.কম/এলএ
