সস্তায় ইলিশ আর জুটবে না!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৪৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার | আপডেট: ০৮:৫২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
সস্তায় ইলিশ! এই মৌসুমে আর জুটবে না। কারণ সস্তা খাওয়ার মৌসুম শেষ হতে চলেছে। আগামী ৭ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ইলিশ আহরণে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। প্রতি হালি ইলিশের দাম ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে বলে জানালেন কচুখেতের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৭০০ থেকে ৮০০ টাকায়। আর ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৮০০ থেকে ১ হাজার টাকায়। তবে ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৩০০০ থেকে ৪০০০ টাকায়।
কচুখেতের ব্যবসায়ীরা জানান, ইলিশের ব্যবসা আর এক সপ্তাহ। এরপরেই প্রায় ১ মাসের জন্য বন্ধ থাকবে ইলিশ আহরণ। এজন্য মানুষ বেশি বেশি ইলিশ কিনে ফ্রিজে রাখছেন। এ কারণে দাম বাড়তে শুরু করেছে।
জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুম আশ্বিন মাসের পুর্ণিমার আগে ও পরে মোট এক মাস। এ সময়ের মধ্যেই এই ইলিশ নদীতে এসে ডিম দেয়। প্রতি বছরের মতো এবারো তাদের নিরাপদ প্রজননের জন্য আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য অধিদফতর।
নিউজওয়ান২৪/জেডএস
