NewsOne24

সিগারেটের ফুলকি থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে কাফরুলের একটি চায়ের দোকানের চুলার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তারা দগ্ধ হন। দগ্ধ এ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। 


দগ্ধ চার জন হলেন- আবু হেনা মোস্তফা বাবু (৩২), সানি আহমেদ (২৭), কামাল হোসেন (৩০) ও পলাশ (৩০)। তবে এদের মধ্যে আবু হেনা মোস্তফা বাবু ও সানি আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা গেছে, কাফরুল ইব্রাহিমপুর পুলপার মনা মিয়ার চায়ের দোকান অবস্থিত। ওই চায়ের দোকানে চুলা জ্বালানোর জন্য চা বিক্রেতা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন। দুপুর আড়াইটার দিকে আবু হেনা মোস্তফা বাবু, সানি আহমেদ, কামাল হোসেন, পলাশ, সাব্বির বসে চা ও সিগারেট খাচ্ছিলেন। এদের মধ্যে একজন বন্ধু ধূমপান শেষে সিগারেটের শেষ অংশ ছুড়ে মারলে দোকানের পাশে নালায় গিয়ে পড়ে। এতেই সঙ্গে সঙ্গে ওই নালা থেকে আগুনের ফুলকি এসে চা দোকানে থাকা গ্যাসের সিলিন্ডারে এসে লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হয়। এ সময় সাব্বির তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

হাসপাতালে দগ্ধ চার জনকে নিয়ে আসা সাব্বির বলেন, ধারণা করা হচ্ছে, নালায় থাকা গ্যাস লাইন লিকেজ থেকে হয়তো আগুনের ফুলকি বের হয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, দগ্ধ বাবু ও সানির অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের অবস্থা ভালো। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজওয়ান২৪/এমএস