সংসদে প্রতিনিধিত্বকারীরাই থাকছে নির্বাচনকালীন সরকারে
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নির্বাচনের সময় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি সরকার গঠন করা যেতে পারে। তবে তারা ক্ষমতাসীন বা বিরোধী দল কি না, সেটা কোনো বিষয় না।
শুক্রবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা লিখিত বক্তব্যে তুলে ধরা হয়। এতে বলা হয়, এবারের অধিবেশন ও বিভিন্ন ইভেন্টে রোহিঙ্গা সমস্যার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমি বিরোধী দলীয় নেত্রীর (রওশন এরশাদ) সঙ্গে কথা বলবো। তারা যদি চান আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। তবে নির্বাচনকালীন সরকার সম্পর্কে এখানে কোনো সংজ্ঞা নেই।
এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জনস্বার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। এতে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়নি। এই আইনে বস্তুনিষ্ঠ সাংবাদিকের কোনো ভয়ের কারণ নেই। আর সাংবাদিকেরাও আইনের ঊর্ধ্বে নয়।
প্রধানমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি নিয়ে জাতিসংঘে বৈঠক হয়েছে। সাইবার সিকিউরিটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। সন্ত্রাস-জঙ্গিবাদের পরে এখন সাইবার ক্রাইম বড় সমস্যা। এই সমস্যা বিশ্বের সব দেশেরই সমস্যা।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন। তারা মন্ত্রী-এমপিকেও ছাড়ছে না। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে সরকার সহযোগিতা করবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাই বাংলাদেশ মিশন ক্রয় করেছি। নিউইয়র্কে বাংলাদেশ ভবন ক্রয়ের চেষ্টা চলছে। তবে ভবন ক্রয় সহজ নয়, অনেক অর্থের প্রয়োজন। আর নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচলের জন্য সংকটগুলো কাটিয়ে উঠেছি। যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলো পূরণ করেছি। জেএফকের অনুমতি পেতে চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে ১০০ ইকোনমিক জোন প্রতিষ্ঠার কথা তুলে ধরে প্রবাসীদের বিনিয়োগের ব্যাপারে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশের মিশন ও কনস্যুলেটকে আরো সক্রিয় ভূমিকা রাখা এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার কথা বলেন।
নিউজওয়ান২৪
