NewsOne24

১৪ দলের সমাবেশ বিকেলে

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কর্মী সমাবেশ আজ।

শনিবার বিকেল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে আয়োজিত এ সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর টার্গেট নেয়া হয়েছে। জোটের শরিক দলের পাশাপাশি আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন সমাবেশে অংশ নেবে।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশেপাশের কয়েকটি জেলা থেকেও সমাবেশে লোক সমাগম করানো হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে নিজেদের শক্তিমত্তা বোঝাতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান দলটির শীর্ষ কয়েক নেতা। ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা হতে যাচ্ছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সমাবেশ।

সমাবেশ সফল করতে প্রস্তুতির কোন কমতি নেই। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জোটের নেতারা।

জানা গেছে, নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে মাঠে থাকবে ১৪ দল। যে কোন চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে ক্ষমতাসীন জোট। এ জন্য সমাবেশে ব্যাপক শোডাউন দেখানো হবে। রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে ১৪ দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। এখন ঘরে বসে থাকার সময় নয়। সকল ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজওয়ান২৪