কী ঘটেছিল সে দিন?
স্বামী ‘কুৎসিত’ বলে...
হট ইস্যু ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
স্বামী দেখতে বেশ ‘কুৎসিত’। এই নিয়ে বরাবরই মন খারাপ ছিল স্ত্রীর। তাছাড়া তিনি দেখতে ভালো ছিলেন না বলে স্বামীর কোন স্বভাবও পছন্দ হতো না তার। এই নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল তাদের মধ্যে। এমনকী স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরও কমেনি এই কলহ। কিন্তু শেষ পর্যন্ত ওই স্ত্রী এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারেন তা কে জানে! তা ভেবেই শিউরে উঠেছেন ভারতের দিল্লির রণহোলা এলাকার বাসিন্দারাও!
কাহিনী হলো, গত শনিবার রাতে ঘটে এমনই এক লোমহর্ষক ঘটনা। স্বামীকে চুমু খাওয়ার সময় কামড়ে তার অর্ধেক মুখই খুবলে-ছিঁড়ে তুলে নিয়েছেন সেই স্ত্রী। আর এই খবর প্রকাশিত হয় ভারতীয় আনন্দবাজার পত্রিকায়।
আপাতত দিল্লির সফদর জং হাসপাতালে ভর্তি করণ নামের কুৎসিত সেই স্বামী। এখন নাকি কথাও বলতে পারছেন না তিনি। তার অভিযোগের ভিত্তিতে স্ত্রী কাজলকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, স্বামী করণের অস্ত্রোপচার হয়েছে। প্রাণে বাঁচলেও ভবিষ্যতে আর কোনোদিন কথা বলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে পুলিশের কাছে করণ লিখিত অভিযোগে জানিয়েছেন, শনিবার বিকেলের দিকে এক দফা ঝগড়া হয় দু’জনের। তার জেরে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর রাতের দিকে বাড়ি ফিরলে ফের শুরু হয় বাক-বিতণ্ডা। তার মধ্যেই স্ত্রীকে জড়িয়ে চুমু খেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্বামী (করণ)। তবে স্ত্রীর তাতেও মন ভরেনি। কারণ তার কাছে পুরোপুরি কুৎসিত ছিলেন স্বামী। তাই মন থেকে তাকে মেনে নিতে কষ্ট হতো তার। তাই আচমকা তিনি স্বামীকে কামড়ে মুখের প্রায় অর্ধেকটা ছিঁড়ে তুলে নেন।
ওই দম্পতির প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ আচমকাই করণের আর্তনাদে ছুটে যান তারা। দেখেন, স্বামীর অর্ধেক মুখই খুবলে-ছিঁড়ে নেয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় তারাই করণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে কাজলের শ্বশুর পুলিশে খবর দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর রণহোলার বিকার নগর এলাকার যুবক করণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। ওই দম্পতির প্রতিবেশীরা জানিয়েছেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর চেহারা নিয়ে বিদ্রুপ, উপহাস করতে শুরু করেন স্ত্রী। তাছাড়া শিল্পী করণের রোজগার ও খামখেয়ালি স্বভাব নিয়েও ঝগড়া-বিবাদ কার্যত নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তাদের পরিবারে। ফলে কলহই ছিল তাদের নিত্য দিনের সঙ্গী।
এদিকে পরে কাজলও স্বীকার করেছেন, এই সব কারণেই স্বামীর মুখ খুবলে তুলে নিয়েছেন তিনি।
নিউজওয়ান২৪/জেডএস
