অসুস্থ বোনটির মৃত্যু: তারা এখন ৪ জন
রংপুর করেসপন্ডেন্ট
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে একসঙ্গে জন্মনেওয়া ৫ নবজাতকের মধ্যে গত বুধবার দিনগত রাতে একজন মারা গেছে।
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, একটি মেয়ে নবজাতক বুধবার রাত সাড়ে ৩টায় মারা যায়। তবে অপর এক মেয়ে ও তিন ছেলেসহ তাদের মা সুস্থ আছেন।
মঙ্গলবার রাত নয়টার দিকে রমেক হাসপাতালের প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে পর পর পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের আরজিনা বেগমের (৩০)।
আরজিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী জানিয়েছিলেন, “জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরাও আশঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।”
বিয়ের একযুগ পর পাঁচ সন্তানের মা হন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম। সিরিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
নিউজওয়ান২৪.কম/আরকে
