NewsOne24

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৯

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:১০ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ১২:১৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার কান্দাইল ও শিবপুর উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কান্দাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মধ্যে ২ জন হলেন- সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন (৩২) ও রেজাউল করিম (৩৮)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় ৫ জন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরো ২ জনের মৃত্যু ঘটে।

এদিকে শিবপুর উপজেলার তারারচর এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।